সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৫
ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ৩৬ মিনিটে গোল হজম করে বিরতিতে গেছে জামাল ভূঁইয়ার দল। ফলে দ্বিতীয়ার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।
গোলের আগে অবশ্য ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। শুরুতে সিঙ্গাপুরের ওপর চাপ তৈরির চেষ্টা করেন সুকি, রাকিবরা। কয়েক দফা আক্রমণও গড়ে ওঠে। কিন্তু প্রতিপক্ষের বক্সের কাছাকাছি গিয়ে সেই আক্রমণে আর ধার দিতে পারেনি বাংলাদেশের ফরোয়ার্ডরা।
প্রথম ৪৫ মিনিটে টার্গেটে একটি শটও নিতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে ম্যাচ যত গড়িয়েছে, ততই আক্রমণাত্মক হয়ে উঠেছে সিঙ্গাপুর। প্রথমার্ধে বাংলাদেশের গোলমুখে পাঁচটি শট নিয়েছে স্বাগতিকরা, যার চারটিই ছিল লক্ষ্যে। এর মধ্যে একবার বল জালে জড়াতেই এগিয়ে যায় তারা।
৩৬ মিনিটে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠেন আব্দুল্লাহ নুর। তার ক্রস থেকে বল পেয়ে শট নেন স্টেয়ার্ট। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে বল চলে যায় জালে। গোলের পর আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে একাদশেও পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। চার পরিবর্তনে জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিনকে শুরু থেকে খেলিয়েছেন তিনি। একাদশ থেকে বাদ পড়েছেন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।