এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশ
খেলা ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১৫:৪৩
ব্যাংককের মঞ্চে তীর ছুটেছে নির্ভুল লক্ষ্যে, আর সেই নিশানায় ভর করেই ইতিহাস গড়ল বাংলাদেশ। চলমান এশিয়া কাপ আর্চারির প্রথম লেগে কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে সোনার পদক জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হিমু বাছাড়, ঐশর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিব—এই ত্রয়ীর অসাধারণ নৈপুণ্যে এসেছে গৌরবময় এই সাফল্য।
ফাইনালের লড়াইয়ে আজ ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। শুরু থেকেই ছিল দৃঢ়তা, আর শেষ পর্যন্ত ছিল নিখুঁত সমাপ্তি। সব মিলিয়ে এক দারুণ ছন্দে খেলা উপহার দিয়েছেন এই তিন আর্চার।
ইতিহাস বলছে, কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে আন্তর্জাতিক আসরে এটিই বাংলাদেশের প্রথম সোনা। এর আগে কয়েকবার ফাইনালের দুয়ারে কড়া নেড়েও শিরোপা ধরা দেয়নি। তবে এবার আর কোনো আক্ষেপ নয়, হিমু-ঐশর্য-রাকিবদের হাত ধরেই মিলল কাঙ্ক্ষিত স্বর্ণজয়।

ম্যাচের শুরুটা ছিল দারুণ আত্মবিশ্বাসী। প্রথম সেটে ৫৭-৫৫ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটেও একই ধারাবাহিকতা। ৫৮-৫৬ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ায় তারা। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়েতনাম, ৫৮-৫৭ ব্যবধানে সেটটি নিজেদের করে নেয়।
তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশই। চতুর্থ সেটে ৫৯-৫৬ ব্যবধানে দাপুটে জয় তুলে নিয়ে নিশ্চিত করে সোনার মুকুট। তাতেই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল বাংলাদেশ।
বাংলাদেশের আরচ্যারিতে বড় সাফল্যগুলোর অধিকাংশ ছিল রিকার্ভে। এখন কম্পাউন্ড বিভাগেও ফেডারেশন গুরুত্ব দিয়েছে। এর ফলস্বরূপ কম্পাউন্ডেও এবার স্বর্ণ এসেছে। তবে দলগত ইভেন্টে শিরোপা জিতলেও একক ও মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনালে খেলতে পারেনি লাল-সবুজের দল।
এমআই