Advertisement
Us Bangla Airlines
সরকার থেকে প্রথম ধাপে বেতন পেতে যাচ্ছেন ১২৯ ক্রীড়াবিদ

সরকার থেকে প্রথম ধাপে বেতন পেতে যাচ্ছেন ১২৯ ক্রীড়াবিদ

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ১৮:৪৫

দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এবার জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য চালু হচ্ছে সরকারি বেতন কাঠামো। প্রথম ধাপেই যার আওতায় আসছেন ১২৯ জন খেলোয়াড়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার পরই এমন উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন।

সরকারের সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হচ্ছে ৩০ মার্চ, সকাল ১০টায়। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার কথা থাকলেও প্রথম ধাপে সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১২৯। তবে এই তালিকায় আপাতত থাকছেন না ক্রিকেটাররা।

জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, শুধুমাত্র জাতীয় পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদরাই এই ভাতার অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর তালিকা পর্যালোচনা করা হবে। যারা ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন, তারাই থাকবেন এই সুবিধার মধ্যে।

প্রথম ধাপে যেসব ডিসিপ্লিনের খেলোয়াড়রা অন্তর্ভুক্ত হচ্ছেন তার মধ্যে রয়েছে- আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসাল।

ক্রিকেটারদের বাইরে রাখার কারণও ব্যাখ্যা করেছেন প্রতিমন্ত্রী। তার ভাষায়, ক্রিকেটাররা তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল। তাই আপাতত অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেই সব ক্রীড়াবিদদের, যারা অবহেলিত এবং আর্থিকভাবে পিছিয়ে আছেন।

এমআই