‘এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ’
খেলা ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১৯:৩২
ভারত-পাকিস্তানের নাটকীয়তায় ত্রাতা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। আশঙ্কাকে তুড়ি মেরে এশিয়া কাপের ভাগ্য পাল্টেছে। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে আট দলের এই টুর্নামেন্ট। ফাইনাল মাঠে গড়াবে ২৮ সেপ্টেম্বর। লিটনের দল মাঠে নামবে আগামী ১১ সেপ্টেম্বর।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে লড়াই করবে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এ ছাড়া ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
তুলনামূলক কঠিন গ্রুপে পড়লেও বাংলাদেশের ফাইনালে খেলার সুযোগ আছে বলে বিশ্বাস করেন টাইগার পেসার খালেদ আহমেদ। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খালেদ বলেন, ‘আমার বিশ্বাস আমরা এশিয়া কাপের ফাইনাল খেলার মতো দল। আমরা যে গ্রুপে আছি অবশ্যই আমরা এখান থেকে দুইটা-তিনটা ম্যাচ জিততে পারলে ফাইনাল খেলবো।’

বাংলাদেশের পেস ইউনিটে অনেক বিকল্প থাকায় চূড়ান্ত একাদশে জায়গা পেতে লড়াই করতে হয় পেসারদের। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামের মতো পেসাররা জাতীয় দলে নিয়মিত। যে কারণে খালেদ মনে করেন দেশের জন্য এই প্রতিযোগিতা বেশ ভালো।
খালেদ বলছিলেন, ‘অবশ্যই প্রতিযোগিতা থাকা ভালো—এটা যে কোনো দেশের জন্যই ইতিবাচক। দেখুন, আপনি যখন প্রতিযোগিতার মধ্যে থাকবেন তখন কাজ করার আগ্রহ আরও বাড়বে। আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি—আমি আমার ফিটনেস আরও বাড়ানোর চেষ্টা করছি যাতে আমি অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।’
তিনি আরও বলেন, ‘এটা আমাকে অনুপ্রাণিত করে। আমি যদি পিছিয়ে যাই, তাহলে অনেক পিছিয়ে পড়ব। তাই আমার চেষ্টা থাকে অন্যদের থেকে এগিয়ে থাকার।’
এমআই