টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রাজা
খেলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ২২:৪৩
পাকিস্তানে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে বড় সুখবর পেলেন সিকান্দার রাজা। আইসিসির সর্বশেষ র্যাংকিং হালনাগাদে জিম্বাবুয়ের এই অলরাউন্ডার প্রথমবারের মতো টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হয়েছেন।
বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে তালিকার এক নম্বরে উঠে এসেছেন রাজা। একই হালনাগাদে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায়ও পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে আবার শীর্ষে উঠেছেন ভারতের ‘হিটম্যান’ রোহিত শর্মা।
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে এখন পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। তবে র্যাংকিংয়ে বিবেচনায় এসেছে তাদের শেষ তিন ম্যাচের পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৭ রান করার সঙ্গে বল হাতে ২৩ রান দিয়ে নেন এক উইকেট রাজা। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ৩৯ রান খরচায় শিকার করেন দুই উইকেট, ব্যাট হাতে যোগ করেন ২৩ রান।
সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে করেন ৩৭ রান এবং বোলিংয়ে ৪ ওভারে দেন মাত্র ১৭ রান। এতেই অলরাউন্ডারের তালিকায় বিশ্বের সবার ওপরে জায়গা করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষ দশে ছিলেন রাজা। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম উঠে এলেন র্যাংকিংয়ের শীর্ষে। তার উন্নতিতে এক ধাপ নিচে নেমে দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের সাইম আইয়ুব।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে গত সেপ্টেম্বরে শীর্ষে উঠেছিলেন রাজা, বর্তমানে তিনি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।
এমআই