টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, লিটনদের প্রতিপক্ষ কারা
খেলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ২০:০২
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। আসন্ন আসরে মোট ২০টি দল অংশ নিবে। চার গ্রুপে বিভক্ত এসব দল গ্রুপপর্বে চারটি প্রতিপক্ষের মুখোমুখি হবে। বিশ্বকাপে ‘সি’ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে লিটন দাসের দল।
বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া আছে ধারাবাহিক উন্নতি করা দল নেপাল এবং ইউরোপের উদীয়মান শক্তি ইতালি। গ্রুপের প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আসতে পারে। কারণ, অভিজ্ঞ দলগুলোর সঙ্গে তাল মেলাতে প্রয়োজন হবে ধারাবাহিক পারফরম্যান্স।
কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলবে লিটনরা। ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতালির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে মাঠে নামবে টাইগাররা। এরপর কিছুদিন বিশ্রাম পাবে বাংলাদেশ দল।
১৪ ফেব্রুয়ারি আবার কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করবে লিটন দাসের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ। মুম্বাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ৫ দলের লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকলে কোয়াটার ফাইনাল খেলবে টাইগাররা।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে।
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের সূচি
৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
৯ ফেব্রুয়ারি: ইতালি, কলকাতা
১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড, কলকাতা
১৭ ফেব্রুয়ারি: নেপাল, মুম্বাই
এমআই