বিপিএল শুরুর আগে ৬ বিদেশি ক্রিকেটারকে দলে নিল রংপুর
খেলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ২২:৫১
বিপিএল নিলামে বিদেশি কেনাকাটায় খুব বেশি খরচ না করেই বার্তা দিয়েছিল রংপুর রাইডার্স। সেই পরিকল্পনারই বাস্তব রূপ মিলল এবার। আসন্ন বিপিএলের আগে সরাসরি চুক্তিতে আরও ছয় বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে ২০১৭ আসরের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি।
রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডেভিড ম্যালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ। এই ছয়জনকে যুক্ত করার ফলে রংপুরের স্কোয়াড দাঁড়াল ২২ সদস্যের।
এর আগে নিলাম থেকে ১২ জন ক্রিকেটার এবং নিলাম-পূর্ব সরাসরি চুক্তিতে ৪ জনকে দলে নিয়েছিল রংপুর। নিলাম-পূর্ব চুক্তিতে যুক্ত হওয়া চারজন ছিলেন নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি ও সুফিয়ান মুকিম।
নিলাম থেকে রংপুর দলে ভিড়িয়েছে লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদী হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), আবদুল হালিম (১১ লাখ)।
বিদেশিদের মধ্যে এমিলিও গে ও মোহাম্মদ আখলাক দলে এসেছেন ১০ হাজার ডলার করে। রংপুর রাইডার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দলের শক্তি ও ভারসাম্য আরও বাড়ানোর লক্ষ্যেই অভিজ্ঞ ও প্রতিভাবান এই বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে।
এমআই