Advertisement
Us Bangla Airlines
শোয়েবের গতির রেকর্ড ভাঙা নিয়ে যা বললেন তাসকিন

শোয়েবের গতির রেকর্ড ভাঙা নিয়ে যা বললেন তাসকিন

খেলা ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৫, ১৩:১২

বিশ্ব ক্রিকেটে গতির প্রতিশব্দ একটাই, শোয়েব আখতার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির সেই ডেলিভারি আজও ইতিহাসের পাতায় অমলিন। প্রায় এক যুগ আগে ক্রিকেটকে বিদায় বললেও ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর গতি নিয়ে আলোচনা থামেনি। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন এই গতি দানব।

গত সপ্তাহে ঢাকায় এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সেই অক্ষত রেকর্ড প্রসঙ্গে শোয়েব ছুড়ে দেন চমকপ্রদ মন্তব্য। স্পষ্ট করে বলেন, বাংলাদেশের তাসকিন আহমেদই যেন তাঁর গতির রেকর্ড ভেঙে দেন, এটাই তাঁর চাওয়া।

কিংবদন্তির সেই আশাবাদী মন্তব্যের পর মুখ খুললেন তাসকিন নিজেই। শোয়েবের গতির রেকর্ড ভাঙা নিয়ে তিনি বললেন, ‘শোয়েব আখতারের মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন কথা শোনা সত্যিই দারুণ। তবে তাঁর রেকর্ড ভাঙা খুব কঠিন। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার—এটা অনেক বড় কিছু।’

বাংলাদেশ ক্রিকেটে শোয়েব আখতারের প্রভাব নিয়েও আশাবাদী এই ডানহাতি পেসার। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে শোয়েবের আগমনকে স্বাগত জানিয়ে তাসকিন বলেন, ‘উনাকে ধন্যবাদ। তাঁর অভিজ্ঞতা থেকে আমরা শেখার চেষ্টা করবো। এতে দেশের ফাস্ট বোলাররা অবশ্যই উপকৃত হবে।’

বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে তাসকিনের সঙ্গে খেলছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও। এ নিয়ে তাসকিন বলেন, ‘এখন তিনজন বাংলাদেশি খেলছি। চাই ভবিষ্যতে সংখ্যাটা আরও বাড়ুক। এখানকার কন্ডিশন টাফ, বিশেষ করে বোলারদের জন্য। এই চ্যালেঞ্জ থেকেই শেখার চেষ্টা করছি, যেন সামনে আরও ভালো করা যায়।’

এমআই