Advertisement
Us Bangla Airlines
বিপিএলের শুরুতেই রাজশাহীতে থাকছেন যেসব বিদেশি ক্রিকেটার

বিপিএলের শুরুতেই রাজশাহীতে থাকছেন যেসব বিদেশি ক্রিকেটার

খেলা ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬

বিপিএলের দ্বাদশ আসর মাঠে গড়াতে আর বেশি দেরি নেই। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে দেশের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি লিগের। তার আগেই প্রস্তুতিতে গতি বাড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শনিবার থেকে মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে দলটি। লক্ষ্য একটাই, শুরুর দিন থেকেই শক্তিশালী কম্বিনেশন নিয়ে মাঠে নামা।

অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার জানালেন, আগামী ২৩ ডিসেম্বর প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে পাড়ি জমাবে দল। তার আগেই দলের বিদেশি ক্রিকেটাররা যোগ দেবেন বলে নিশ্চিত করলেন তিনি।

‘২২ তারিখেই ছয়জন বিদেশি ক্রিকেটার আমাদের দলে যুক্ত হয়ে যাবে। কেউ যদি ২৩ তারিখ সকালে আসে, তারাও বিকেলের ফ্লাইটে আমাদের সঙ্গে সিলেট যাবে। সব বিদেশির কাছ থেকেই গ্রিন সিগনাল পেয়েছি। ইনশাআল্লাহ, প্রথম ম্যাচ থেকেই সবাই আমাদের সঙ্গে থাকবে,’—বললেন হান্নান।

শুরুর দিকেই কোন কোন বিদেশি ক্রিকেটারকে পাচ্ছে রাজশাহী, সেটাও পরিষ্কার করে দিয়েছেন কোচ। শুরু থেকেই দলের হয়ে মাঠে নামবেন—শাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো ও জাহান্দাদ খান।

প্রিমিয়ার লিগে আবাহনীর কোচ হিসেবে শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে হান্নানের। এবার রাজশাহীর ডাগআউটে বসেও লক্ষ্যটা আকাশচুম্বী। তিনি বলেন, ‘আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই কাজ শুরু করি। তবে ধাপে ধাপে এগোতে হয়। ম্যাচ-আপ, পরিস্থিতি—সব কিছু বুঝে পরিকল্পনা করতে হবে। এ বছরও তার ব্যতিক্রম হবে না।’

এমআই