৩০ ম্যাচে ৭৩৪ রান করা ওপেনারকে দলে নিল নোয়াখালী
খেলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ২২:২০
বিপিএলের আগেই স্কোয়াড শক্তিশালী করতে চমকপ্রদ সিদ্ধান্ত নিল নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। টি-টোয়েন্টি ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করা তরুণ ওপেনার হাসান ইসাখিলকে দলে ভিড়িয়েছে তারা। ৩০ ম্যাচের ক্যারিয়ারে ৭৩৪ রান করা এই ব্যাটারকে নেওয়ার মাধ্যমে নোয়াখালীর ব্যাটিং লাইনআপে যুক্ত হলো বাড়তি ধার।
হাসান এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন সংক্ষিপ্ত সংস্করণে। টি-টোয়েন্টিতে ২৭.১৮ গড়ে রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১২৪.১৯। এই সময়ে ব্যাট থেকে এসেছে ৬টি ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৭৬ রান। ধারাবাহিকতা ও ইনিংস গড়ার সামর্থ্যই মূলত নোয়াখালীর নজর কেড়েছে তরুণ এই ওপেনারের।

নোয়াখালী এক্সপ্রেস সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা–ছেলের ছবি পোস্ট করে হাসানকে দলে নেওয়ার ঘোষণা দেয়। ক্যাপশনে লেখা হয়, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে… এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’
হাসান আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২৪ বিশ্বকাপ খেলেছেন। এমনকি এবারই পাচ্ছেন প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। টি-টোয়েন্টির পাশাপাশি প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটেও তিনি সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন। প্রথম শ্রেণিতে গড় ৪৭, আর লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রায় ৫০ গড়ে রান করেছেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হলো, হাসানের বাবা মোহাম্মদ নবিও খেলছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। বিপিএল নিলামের কয়েক দিন পরই ৪০ বছর বয়সী এই আফগান তারকাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বয়স বাড়লেও পারফরম্যান্সে কোনো ভাটা নেই নবির, তাই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর চাহিদা এখনও তুঙ্গে।
এমআই