আইসিসির এলিট আম্পায়ারসহ বিপিএলে রেফারির দায়িত্বে যারা
খেলা ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠে গড়াতে আর মাত্র কয়েক দিন। আগামী ২৬ ডিসেম্বর সিলেট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে একে একে আসছে গুরুত্বপূর্ণ ঘোষণা। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের খবরের রেশ কাটতে না কাটতেই এবার চমক রেখে প্রকাশ করা হলো ম্যাচ অফিসিয়ালদের তালিকা।
আসন্ন বিপিএলে আম্পায়ারের দায়িত্বে থাকছেন ১০ জন। এর মধ্যে ৮ জন দেশি ও ২ জন বিদেশি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন চারজন। যেখানে আছে পরিচিত নাম, আছে চমক, আবার আছে বড় এক অনুপস্থিতিও। বড় খবর, আইসিসির সাবেক এলিট আম্পায়ারও দায়িত্ব পালন করবেন এবারের বিপিএলে।
দেশি আম্পায়ারদের প্রশিক্ষণ দিতে বিশ্বসেরা আম্পায়ার সাইমন টফেলের সঙ্গে চুক্তি সেরেছিল বিসিবি। আইসিসির এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ারকে এবারের বিপিএলে দেখা যাবে। তবে টফেল এবার আম্পায়ার নয়, ম্যাচ রেফারি হিসেবে বিপিএলে দায়িত্ব পালন করবেন।
আম্পায়ার্স বিভাগের এক সদস্য জানিয়েছেন, ‘ম্যাচ রেফারি হিসেবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া নামগুলো হলো—আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম সাহেব ও সাইমন টফেল। এহসানুল হক সিজান বিশ্বকাপে দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় এবার বিপিএলে থাকছেন না। শুরু থেকেই আইসিসির প্যানেলে থাকা অভিজ্ঞ রেফারিরাই ম্যাচ তদারক করবেন।’
এই তালিকায় সিজানের অনুপস্থিতি চোখে পড়ার মতো হলেও অভিজ্ঞতায় ঘাটতি পড়ছে না বলেই মনে করছে সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এহসানুল হক সিজানের বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল হওয়ার বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছে বিসিবি।
এদিকে আম্পায়ারিং প্যানেলে দেশি মুখ হিসেবে থাকছেন শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। বিদেশি আম্পায়ার হিসেবে বিপিএলে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব এবং রুচিরা পল্লীগুরুরুগে, যাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ম্যাচ পরিচালনায় যোগ করবে আলাদা মাত্রা।
এমআই