আইপিএলে খেলতে কতদিনের ছুটি পাচ্ছেন মোস্তাফিজ?
খেলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১৮
বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এই টুর্নামেন্টের নিলাম মানেই উত্তেজনা, হিসাব-নিকাশ আর রেকর্ডের গল্প। এবার সেই নিলামেই নতুন ইতিহাস লিখেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা।
তবে নিলামের রেকর্ড দামের পরপরই যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, পুরো আইপিএলজুড়ে কি মোস্তাফিজকে পাওয়া যাবে? অবশেষে সেই প্রশ্নেরই উত্তর মিলেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, মোস্তাফিজের আইপিএল খেলার সময়সীমা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পরিষ্কার যোগাযোগ হয়েছে।
নাফিস বলেন, ‘মোস্তাফিজ যে দামটা পেয়েছে, সে পুরোপুরি প্রাপ্য। তবে তার এনওসির বিষয়টি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান মিডিয়াকে জানাতে পারবেন। তবে এই প্রক্রিয়ার একজন অংশ হিসেবে বলতে পারি—আইপিএল, বিসিসিআই এবং ক্রিকেটার তিন পক্ষই জানে মোস্তাফিজ আসলে কত সময় খেলতে পারবে।’
তিনি আরও যোগ করেন, ‘সে কতটা সময় খেলতে পারবে না, সেটার ধারণা নিয়েই কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে। আমার মনে হয় সবাই এ বিষয়ে স্বস্তিতে আছে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটুকু নিশ্চিত করে বলতে পারি, মোস্তাফিজ আইপিএলের বড় ম্যাচগুলো খেলবে।’
এদিকে বিসিবির এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের সময় জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে দেশে ফিরবেন মোস্তাফিজ। তিন ম্যাচের সিরিজ শেষ করে আবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, আইপিএলে দল পেলে বাংলাদেশের ক্রিকেটারদের এনওসি দিতে বোর্ডের কোনো আপত্তি নেই।
ফাহিম বলেছিলেন, ‘আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই আমরা এনওসি দেব। কারণ আমরা চাই ক্রিকেটাররা যতটা সম্ভব খেলুক। কেবল ন্যূনতম প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’ সব মিলিয়ে, বড় অঙ্কের চুক্তির পাশাপাশি আইপিএলের গুরুত্বপূর্ণ অংশে মোস্তাফিজকে পাচ্ছে কলকাতা।
এমআই