৫০ ওভারে ৫৭৪ রান, সাকিবদের ম্যাচে অবিশ্বাস্য ৬ রেকর্ড
খেলা ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭
৫০ ওভারের ক্রিকেটে এমন দিন কদাচিৎ আসে, যেদিন প্রতিটি ওভারেই লেখা হয় অন্যন্য ইতিহাস। ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই অরুণাচল ও বিহারের ম্যাচে তেমনই এক অবিশ্বাস্য অধ্যায়ের জন্ম হলো। ব্যাটে আগুন, স্কোরবোর্ডে বিস্ফোরণ; এক ম্যাচেই রচিত হলো একের পর এক রেকর্ড।
ম্যাচের সূচনা থেকেই ঝড়ের আভাস দেন কিশোর বৈভব সূর্যবংশী। মাত্র ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংসে তিনি গুঁড়িয়ে দেন প্রতিপক্ষ বোলিং। এরপর মঞ্চ দখল করেন সাকিবুল গনি ও ইশান কিষাণ। তিন ব্যাটারের তাণ্ডবে একই দিনে, একই টুর্নামেন্টে তৈরি হয় দ্রুততম সেঞ্চুরির নতুন মানচিত্র।
৩৬ বলে শতক হাঁকান ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ৩৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেছেন ইশান কিষাণ। আর সব ছাপিয়ে ৩২ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন বিহারের অধিনায়ক সাকিবুল গনি। পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সাকিবের চেয়ে দ্রুত শতক আছে কেবল জেক ফ্রেসার ম্যাকগার্ক ও এবি ডি ভিলিয়ার্সের।
অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে সাকিবের ঝোড়ো সেঞ্চুরির পথে দলটি তোলে রেকর্ডগড়া ৫৭৪ রান। যা লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই এক ম্যাচেই জন্ম নেয় অবিশ্বাস্য ছয়টি রেকর্ড। একনজরে দেখে নেওয়া যাক।

৫৭৪/৬
পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান। এর আগে কেবল একবারই পাঁচশ ছাড়ানো ইনিংস দেখা গিয়েছিল, সেটিও বিজয় হাজারে ট্রফিতে।
দ্রুততম ১৫০
৫৯ বলে দেড়শ পূর্ণ করে বৈভব সূর্যবংশী ভেঙে দেন এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলের রেকর্ড।
দ্রুততম সেঞ্চুরি
৩২ বলে শতক করে লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক সাকিবুল গনি।
৩৮ ছক্কা
বিহারের ব্যাটাররা হাঁকান মোট ৩৮টি ছক্কা, পুরুষদের লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ।
তিন সেঞ্চুরি
বিজয় হাজারে ট্রফির ইতিহাসে প্রথমবার এক ইনিংসে তিনটি শতক। বৈভব, সাকিব ও আয়ুশ লোহারুকার (১১৬) ব্যাট থেকে।
সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান
১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেন বৈভব সূর্যবংশী।
এই দিনে ক্রিকেট শুধু খেলা ছিল না, ছিল রেকর্ডের মহড়া। ৫০ ওভারের গণ্ডিতে যে এমন বিস্ফোরণ সম্ভব, সাকিবদের এই ম্যাচ সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
এমআই