সিলেট দলে দুই দুঃসংবাদ, এক সুখবর
খেলা ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ২৩:০৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে সিলেট টাইটান্সের দলগঠনে একসঙ্গে এলো স্বস্তি আর হতাশার খবর। একদিকে দলে যোগ দিচ্ছেন নতুন এক বিদেশি, অন্যদিকে ঝরে গেলেন দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সুখবরটি এসেছে আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার হজরতউল্লাহ জাজাইকে ঘিরে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট টাইটান্স নিশ্চিত করেছে, এবারের বিপিএলে তাদের জার্সিতেই দেখা যাবে জাজাইকে। পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এই ওপেনারের অন্তর্ভুক্তি সিলেটের ব্যাটিং শক্তি বাড়াবে বলেই মনে করছে দল পরিচালনা পর্ষদ।
তবে আনন্দের খবরের রেশ কাটতে না কাটতেই আসে দুই দুঃসংবাদ। দল থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্স। সিলেট টাইটান্স জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ম্যাথিউস।
অন্যদিকে নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় বিপিএলে অংশ নিতে পারবেন না জোন্স। বিদেশি ক্রিকেটারদের এই পরিবর্তনের মাঝেই সিলেট দলে যোগ দিচ্ছেন আরেক নতুন মুখ। ইংল্যান্ডের ২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে যোগ দিয়েছে।
বিপিএলের পুরো মৌসুমেই সিলেটের হয়ে খেলার কথা রয়েছে ব্রুকসের। বিপিএল দিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তার, যদিও ঘরোয়া ক্রিকেটে এখনো বড় কোনো ছাপ ফেলতে পারেননি এই তরুণ।
এমআই