১ কোটি ১০ লাখ টাকা পাবেন তো নাঈম শেখ?
খেলা ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১২
বিপিএল নিলামের মঞ্চে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। সর্বোচ্চ দর হাঁকিয়ে ১ কোটি ১০ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে নাটকীয় মোড়। আচমকা মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গেল সার্ভিস।
ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে ব্যর্থতা আর প্রত্যাশিত স্পন্সর না পাওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে সরে দাঁড়ানোর চিঠি দেন স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হলেও তাঁদের পারিশ্রমিক পরিশোধ করা সম্ভব হয়নি। ফলে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, নাঈমসহ ক্রিকেটারদের পারিশ্রমিকের ভবিষ্যৎ কী?
এই অনিশ্চয়তার মধ্যেই চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বিসিবি। ক্রিকেটারদের আশ্বস্ত করতে এগিয়ে এসেছে বোর্ড। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান বলেন, ‘আজ সকালে আমরা খেলোয়াড়দের সঙ্গে বসেছি। যাঁদের সঙ্গে চুক্তিপত্র আছে, তাঁরা টাকা পাবেন। আর যাঁদের কাগজ নেই, তাঁদের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে।’
এই বক্তব্যে স্পষ্ট, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে আপাতত শঙ্কার কারণ নেই। অর্থাৎ মোহাম্মদ নাঈমের ১ কোটি ১০ লাখ টাকাও পাওয়ার পথে কোনো বাধা থাকছে না, এমনটাই ইঙ্গিত দিচ্ছে বিসিবি।
এদিকে বোর্ডের তত্ত্বাবধানে চট্টগ্রাম রয়্যালসের নতুন ব্যবস্থাপনাও চূড়ান্ত হয়েছে। দলের মেন্টরের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার। প্রধান কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাফিস ইকবালকে।
এমআই