বিপিএল শুরুর আগে ২ ক্রিকেটারকে হারাল রংপুর
খেলা ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০
ঘণ্টা গুনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর মাত্র একদিন পরই সিলেটে পর্দা উঠছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরের। ছয় দলের এই লড়াইয়ের আগে যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, সেখানে মাঠে নামার আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে রংপুর রাইডার্স।
বিপিএল শুরুর আগেই কার্যত টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার শঙ্কায় রংপুরের স্পিনার নাইম হাসান। নিলাম থেকে যাকে দলে ভিড়িয়েছিল নুরুল হাসান সোহানের দল, সেই নাইমই এখন অনিশ্চয়তার ঘোরে। গত সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেনের চোটে পড়েন এই বাঁহাতি স্পিনার।
চোটের পর বিসিবির মেডিকেল বিভাগের নির্দেশে অন্তত দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। ফলে নিশ্চিতভাবেই বিপিএলের সিলেট ও চট্টগ্রাম পর্বে নাইমকে পাচ্ছে না রংপুর। এমনকি ঢাকা পর্বে তার ফেরা নিয়েও রয়ে গেছে বড় প্রশ্নচিহ্ন। পুরো টুর্নামেন্টেই তার মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে।
রংপুর রাইডার্সের একটি সূত্র জানিয়েছে, ঢাকা পর্বে নাইমকে পাওয়ার ব্যাপারে এখনো আশা ছাড়েনি দল। দুই সপ্তাহ পরই জানা যাবে, বিপিএলটা আদৌ তার জন্য শুরু হবে, নাকি শুরু হওয়ার আগেই শেষ। তবে নিজেকে নিয়ে আশাবাদী নাইম। সিলেট ও চট্টগ্রাম পর্ব মিস করলেও ঢাকায় ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
নাইমের চোটের দুঃসংবাদের আগেই রংপুর শিবিরে আসে আরেকটি ধাক্কা। দলের অভিজ্ঞ পেসার কামরুল ইসলাম রাব্বি পারিবারিক কারণে এবারের বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিন মৌসুম রংপুরের জার্সিতে খেলা এই পেসার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
রাব্বির জায়গায় রংপুর দলে টেনেছে আনিসুল ইসলাম ইমনকে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এক স্পিনার ও এক পেসার হারানো রংপুরের জন্য যে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। বিপিএলের মঞ্চে নামার আগেই রাইডার্স শিবিরে তাই প্রশ্ন একটাই, এই ক্ষতি পুষিয়ে মাঠে কতটা শক্ত অবস্থান নিতে পারবে রংপুর?
এমআই