Advertisement
Us Bangla Airlines
৬ বলে ৫ উইকেট, আল আমিনকে মনে করালেন প্রিয়ান্দানা

৬ বলে ৫ উইকেট, আল আমিনকে মনে করালেন প্রিয়ান্দানা

খেলা ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। এক ওভারে পাঁচ উইকেট, তাও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে! অবিশ্বাস্য এই কীর্তির নায়ক ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী পেসার গেদে প্রিয়ান্দানা। বালিতে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ছয় বলেই ম্যাচের ভাগ্য লিখে দিলেন তিনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, প্রতিটি ডেলিভারির তথ্য সংরক্ষণ শুরুর পর ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই সংস্করণে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার প্রিয়ান্দানা। এর আগে এমন কীর্তি গড়তে পারেননি বিশ্বের কোনো বোলার।

উদয়না ক্রিকেট মাঠে টসে হেরে আগে ব্যাটিং করে ইন্দোনেশিয়া তোলে ৫ উইকেটে ১৬৭ রান। জবাবে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬। ম্যাচ তখনো ঝুলে থাকার ইঙ্গিত দিচ্ছিল। ঠিক তখনই ১৬তম ওভারে নিজের প্রথম স্পেলে বল হাতে নিলেন প্রিয়ান্দানা, আর সেখান থেকেই শুরু ধ্বংসযজ্ঞ।

ওভারের প্রথম তিন বলেই শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনককে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্রিয়ান্দানা। চতুর্থ বলটি ডট। পঞ্চম ও ষষ্ঠ বলে বিদায় নিলেন মংদারা সক ও পেল ভেনাক। মাঝে একটি ওয়াইড থেকে আসে এক রান। এই ওভারে ৫ উইকেট হারিয়ে শেষ কম্বোডিয়ার ইনিংস। ইন্দোনেশিয়ার জয় ৬০ রানের বিশাল ব্যবধানে।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট এই প্রথম হলেও ঘরোয়া ক্রিকেটে এমন নজির আছে। বাংলাদেশের আল-আমিন হোসেন ২০১৩–১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন। ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্নাটকের অভিমন্যু মিঠুনও গড়েছেন একই কীর্তি।

সবমিলিয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া তৃতীয় বোলার গেদে প্রিয়ান্দানা। তবে আন্তর্জাতিক ম্যাচে তিনিই প্রথম বোলার।

এমআই