৩৬২৮ রান ও ৯৩ উইকেটের মালিককে দলে নিল রাজশাহী
খেলা ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ২০:৫০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের মাঝপথে শক্তি বাড়াল রাজশাহী ওয়ারিয়র্স। সরাসরি চুক্তিতে জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার রায়ান বার্লকে দলে ভিড়িয়েছে দলটি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
নিলামে দল না পেলেও শেষ পর্যন্ত বিপিএলে ফিরছেন বার্ল। টুর্নামেন্টে তার নাম নতুন নয়, বরং নিয়মিত মুখই বলা যায়। গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার। সেখানে ১১ ম্যাচে ১৪৬.৫০ স্ট্রাইক রেটে ২৯৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৭ উইকেট।
এর আগে টানা দুই মৌসুম সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন বার্ল। আর ২০১৯-২০ মৌসুমে প্রথমবার বিপিএলে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠে নামেন তিনি। সব মিলিয়ে বিপিএলে এখন পর্যন্ত তার সংগ্রহ ৫৭১ রান ও ১১ উইকেট।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে বার্লের ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৮৭ ম্যাচে তিনি করেছেন ৩৬২৮ রান, সঙ্গে বল হাতে নিয়েছেন ৯৩ উইকেট। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা রায়ান বার্ল ইতোমধ্যে নিজেকে কার্যকর অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন।
চলতি বিপিএলে রাজশাহীর পারফরম্যান্সও নজরকাড়া। তিন ম্যাচে দুটি জয় তুলে নিয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী এবার বার্লকে দলে ভিড়িয়ে নিজেদের স্কোয়াডে অভিজ্ঞতা ও গভীরতা আরও বাড়ালো।
এমআই