Advertisement
Us Bangla Airlines
বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন

খেলা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৬, ২১:০৯

বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে ফিক্সিং তদন্ত চলছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে বোর্ড।

বিসিবির ভাষ্য অনুযায়ী, এমন বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য সম্প্রতি তাদের নজরে এসেছে। এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপও শুরু করেছে বোর্ড। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ছিল, বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল নাকি আমিনুল ইসলামের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছেন। ফেসবুকের বিভিন্ন ক্রীড়া বিষয়ক পেইজ এসব তথ্য ছড়িয়েছে। তবে এমন দাবিকে সরাসরি অস্বীকার করেছে বিসিবি। 

লিখিত বক্তব্যে অ্যালেক্স মার্শাল বলেন, ‘আমি বিসিবি সভাপতি আমিনুলের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি—এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।’

এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। বোর্ডের মতে, এসব অপপ্রচার বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ন করা, একই সঙ্গে বোর্ড ও দেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। যারা এসব তথ্য রটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে বলে জানিয়েছে বিসিবি।

এমআই