Advertisement
Us Bangla Airlines
৪০ ওভারে ৩১১ রান করেও জিতল না ইংল্যান্ড

৪০ ওভারে ৩১১ রান করেও জিতল না ইংল্যান্ড

খেলা ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৮

৩১১ রান, তাও মাত্র ৪০ ওভারে। তবু জয় অধরাই রইল ইংল্যান্ডের যুবারাদের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে সেই রানও যথেষ্ট হলো না। ব্যাটে-বলে পূর্ণ আধিপত্য দেখিয়ে ১০০ রানের বিশাল ব্যবধানে জিতে শিরোপা ঘরে তুলেছে ভারতের যুবারা।

হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আয়ুস মাত্রে। শুরুটা খুব মসৃণ না হলেও দ্রুতই ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় ভারত। ওপেনার অ্যারন জর্জ আউট হন মাত্র ৯ রানে। এরপর অধিনায়ক মাত্রেকে সঙ্গে নিয়ে তাণ্ডব শুরু করেন বৈভব সূর্যবংশী।

দ্বিতীয় উইকেটে মাত্র ৯০ বলেই আসে ১৪০ রানের জুটি। ৫৩ রানে থামেন মাত্রে। এরপর ভেদেন্ত ক্রিভেদীর সঙ্গে মাত্র ৩৯ বলে যোগ করেন আরও ৮৯ রান। ২৫ ওভারেই ভারতের স্কোর দাঁড়িয়ে যায় ২৫০। ফাইনালের চাপ যে তখনই ইংল্যান্ডের ওপর চেপে বসেছে, সেটা স্পষ্ট।

মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে যুব বিশ্বকাপের ফাইনালে দ্রুততম শতকের রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী। শেষ পর্যন্ত ৮০ বলে ১৭৫ রান করে থামেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কায়। ফাইনালের মঞ্চে এমন ইনিংস বিরলই বলা যায়।

শেষদিকে ভেদেন্ত ৩২, ভিয়ান ৩০, অভিজ্ঞান ৪০, এব্রিস ১৮, চৌহান ৩৭, খিলান ৩, হেনিল ৫ ও দিপেশ ০ রান যোগ করলে ভারতের ইনিংস দাঁড়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রান। ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো নেন তিনটি উইকেট। দুটি করে পান সেবিস্টেইন মরগান ও অ্যালেক্স গ্রিন।

৪১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। রানের গতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু উইকেটের পতন থামাতে পারেনি তারা। এক প্রান্তে চেষ্টা চালিয়ে যান ক্যালেব ফেলকোনে। মাত্র ৭০ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওপেনার বেন ডাওকিনস করেন ৫৬ বলে ৬৬ রান।

বেন মেয়ার্সের ব্যাট থেকে আসে ৪৫, থমাস রে করেন ৩১ আর জেমস মিন্টো ২৮ রান। তবে বড় স্কোরের চাপে বাকিরা দাঁড়াতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪০ ওভারে ৩১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে আরএস এব্রিস নেন তিনটি উইকেট। দিপেশ ও চৌহান দুটি করে উইকেট তুলে নেন।

শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ৩১১ রান থাকলেও জয় থেকে ইংল্যান্ড ছিল অনেক দূরে। ব্যাটে বৈভব সূর্যবংশীর তাণ্ডব আর বল হাতে নিয়ন্ত্রিত আক্রমণেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি উঠল ভারতের যুবারাদের হাতে।

এমআই