পাকিস্তানের সেই স্পিনারকে নিয়ে ভারতের যত ভয়!
খেলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৭
শক্তি, সামর্থ্য ও সাম্প্রতিক পারফরম্যান্স—সব দিক থেকেই ভারত এগিয়ে। কাগজে-কলমে ব্যবধানও স্পষ্ট। তবু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সতর্কবার্তা দিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। কারণ একটাই, পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিক।
কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রে তারিক। তার অপ্রচলিত বোলিং ভঙ্গি ও বল ছাড়ার আগে সামান্য থেমে যাওয়া ব্যাটসম্যানদের ছন্দ নষ্ট করে দেয়। গতি নয়, বৈচিত্র্য আর ধাঁধার মতো কৌশলেই তিনি তৈরি করেন বিভ্রান্তি। সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে এমন অস্বাভাবিক ভঙ্গি বড় পার্থক্য গড়ে দিতে পারে।
চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের গোপন তুরুপের তাস হিসেবে ধরা হচ্ছে তাকে। ভারতের জন্যও তিনি সম্ভাব্য হুমকি, এমনটাই মনে করেন হরভজন সিং। ৭০৭ আন্তর্জাতিক উইকেটের মালিক ও বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা বলেছেন, জয় পাবে ভারতই; তবে তারিককে খেলতে হবে বাড়তি সতর্কতায়।
হরভজন বলেন, ‘ভারতই ম্যাচটি জিতবে। পাকিস্তানের একজন স্পিনার আছে উসমান তারিক, সে ভালো বোলার। তাকে আমাদের সতর্কভাবে মোকাবিলা করতে হবে। ভারতীয় দল অত্যন্ত সক্ষম। আশা করি তারা চাপমুক্ত ক্রিকেট খেলবে এবং জয় নিয়েই মাঠ ছাড়বে।’
এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেই সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী তারিক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানের জয়ে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হয় তার। দেশের হয়ে চার ম্যাচে নিয়েছেন ১১ উইকেট; ১৮ রানে ৪ উইকেট তার সেরা বোলিং।
এমআই