Advertisement
Us Bangla Airlines
নতুন সরকার নিয়ে যা বললেন তামিম ইকবাল

নতুন সরকার নিয়ে যা বললেন তামিম ইকবাল

খেলা ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৩

নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনায় ক্রীড়াঙ্গন থেকেও এল প্রত্যাশার বার্তা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি। সেই ঐতিহাসিক আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

অনুষ্ঠান শেষে এক টেলিভিশন সাক্ষাৎকারে তামিমের কণ্ঠে ছিল সংযত আশাবাদ। তিনি বলেন, ‘কোনো কিছু দ্রুত হয়ে যায় না। ভালো কিছু হওয়ার জন্য সময় প্রয়োজন। এই সরকারকে সময় দিতে হবে। আমি মনে করি, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।’

তামিম আরও বলেন, ‘সবার জীবনের নিরাপত্তাটা সব দিক থেকে ফিরে আসবে, এই প্রত্যাশা করি। প্রায় দেড় বছর ধরে আমরা একটি রাজনৈতিক সরকারের অপেক্ষায় ছিলাম।’

ক্রীড়াঙ্গন নিয়েও স্পষ্ট অবস্থান দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তার মতে, ‘যারা ফুটবলের জন্য ভালো, যারা অন্য যেকোনো খেলাধুলার জন্য যোগ্য—তাদেরই দায়িত্ব দেওয়া উচিত। সঠিক জায়গায় সঠিক মানুষ আনা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

তিনি আরও বলেন, কেবল কেউ সাবেক ক্রীড়াবিদ বলেই মন্ত্রী হতে পারবেন না এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। বরং যার যোগ্যতা আছে, ক্রীড়াঙ্গনের জন্য কাজ করার সক্ষমতা আছে, তাকেই দায়িত্ব দেওয়া উচিত। তামিম বলেন, ‘যারা এই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করবেন, তিনি যদি যোগ্য হন, অবশ্যই সুযোগ পাওয়া উচিত।’

এমআই