Advertisement
Us Bangla Airlines
২৭ বছর বয়সেই অবসরের চিন্তা রশিদের

২৭ বছর বয়সেই অবসরের চিন্তা রশিদের

খেলা ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬, ২২:৫৮

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান হয়তো খুব শিগগিরই বিদায় জানাতে পারেন টেস্ট ক্রিকেটকে। বয়স মাত্র ২৭, তবু দীর্ঘ ক্যারিয়ার টিকিয়ে রাখার ভাবনায় লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানের এই তারকা।

সম্প্রতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে দলকে জিতিয়েছেন রশিদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে উঠে আসে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রসঙ্গ। রশিদ জানালেন, টেস্ট ক্রিকেট খেলা এখন তার শরীরের জন্য কঠিন হয়ে উঠছে।

চিকিৎসকের পরামর্শও স্পষ্ট। তিনি বলেন, লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার নির্দেশই দিয়েছেন ডাক্তাররা। চলতি বছরের জুনে ভারতের বিপক্ষে আফগানিস্তানের একটি টেস্ট খেলার কথা রয়েছে। তবে সেই ম্যাচে রশিদের থাকা অনিশ্চিত। পিঠের অস্ত্রোপচারের পরও তিনি টেস্ট খেলেছিলেন, কিন্তু সেটিই হয়ে উঠেছে সতর্কবার্তার কারণ।

২৭ বছর বয়সেই অবসরের চিন্তা রশিদের

জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬৭ ওভার বল করেছিলেন রশিদ। এরপরই পিঠের ব্যথা আবার ফিরে আসে। চিকিৎসক তখন কঠোর ভাষায় সতর্ক করেন, এভাবে খেলতে থাকলে ক্যারিয়ারই ঝুঁকিতে পড়তে পারে।

রশিদ স্বীকার করেছেন, টেস্ট ক্রিকেট তার ভালো লাগে, কিন্তু শরীর আর সেই সুযোগ দিচ্ছে না। তাই বাধ্য হয়েই তিনি সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে চান।

সবকিছু ঠিক থাকলে, খুব অল্প বয়সেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর তালিকায় যুক্ত হতে পারেন এই বিশ্বমানের স্পিনার। তবে সাদা বলের ক্রিকেটে তার জাদু যে আরও অনেক দিন দেখা যাবে, সেই আশাই করছেন ভক্তরা।

এমআই