নতুন দলে খেলবেন মোস্তাফিজ!
খেলা ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ২০:০১
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে জমে উঠছে প্রস্তুতির আবহ। অপেক্ষার প্রহর শেষ করে আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই আসর। এরই মধ্যে স্কোয়াড গোছাতে ব্যস্ত ক্লাবগুলো, চলছে দলবদলের তোড়জোড়ও।
সবচেয়ে বেশি নজর কেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শিরোপা ধরে রাখার লক্ষ্যেই এবার বড় বাজেটের দল গঠনের পথে হাঁটছে তারা। ক্লাব সূত্রে জানা গেছে, দলে চমক হিসেবে যুক্ত হচ্ছেন সাব্বির রহমান।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে আবাহনীর আলোচনা অনেকটাই এগিয়েছে। যদিও পারিশ্রমিক ইস্যুতে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সব ঠিকঠাক থাকলে নতুন মৌসুমে আবাহনীর জার্সিতেই দেখা যেতে পারে কাটার মাস্টারকে।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ঘরোয়া লিগে খুব একটা দেখা না গেলেও ইতোমধ্যে আবাহনীর হয়ে খেলেছেন মোস্তাফিজ। দল গোছানোর পথে আবাহনী ইতোমধ্যে নিশ্চিত করেছে মাহিদুল ইসলাম অঙ্কন ও সৌম্য সরকারের নামও।
এদিকে জাতীয় দলের বেশ কয়েকজন তারকাও খেলবেন এবারের ডিপিএলে। তালিকায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, খালেদ আহমেদ, জিসান আলম ও মেহেরব অহিন।
এমআই