মা হারালেন রহমানউল্লাহ গুরবাজ
খেলা ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৯:৫৮
আফগানিস্তানের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। মা হারিয়েছেন দেশটির উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। আজ সকালে পরলোক গমন করেন গুরবাজের মা। সতীর্থের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে আফগান ক্রিকেটাররা।
নিজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে মায়ের অবদান বারবার তুলে ধরেছেন গুরবাজ। মাঝে অসুস্থ হওয়ায় আইপিএল ছেড়েছিলেন তিনি। ভালোবাসা আর শ্রদ্ধায় মাকে স্মরণ করতেন সবসময়। সেই মানুষটিকেই এবার চিরদিনের জন্য হারানোর বেদনাতে ডুবে আছেন তিনি।
আফগানিস্তান দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী শোক প্রকাশ করে দোয়া করেছেন, আল্লাহ যেন গুরবাজের মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি গুরবাজের পরিবার ও স্বজনদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তার শেষে উচ্চারণ করেছেন পরিচিত সেই দোয়া—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাত্র ২৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করেছেন গুরবাজ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরম্যাটেই খেলেছেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত মুখ এই তারকা ক্রিকেটার।
এমআই