Advertisement
Us Bangla Airlines
‘আইসিসিকে নিয়ন্ত্রণ করে ভারতীয় বোর্ড’

‘আইসিসিকে নিয়ন্ত্রণ করে ভারতীয় বোর্ড’

খেলা ডেস্ক

০৫ মে ২০২৬, ২৩:০৪

বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব নিয়ে আলোচনা নতুন নয়। সময় সময় ক্রিকেটারদের মন্তব্যে সেই বিতর্ক আবারও সামনে আসে। এবার সেই সুরেই কথা বললেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তার দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওপর কার্যত নিয়ন্ত্রণ রয়েছে ভারতীয় বোর্ডের।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে হারমার বলেন,‘ভারতের বাণিজ্যিক শক্তির কারণেই সব ক্ষমতা তাদের হাতে। বিসিসিআই-ই আইসিসিকে নিয়ন্ত্রণ করে। তবে খেলোয়াড় হিসেবে আমরা নিজেদের কাজটাই করতে পারি। শিরোপা জিতলেই কেবল এই ধারণা বদলানো সম্ভব।’

হারমারের মতে, দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও বিশ্ব ক্রিকেটের ক্ষমতার ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসেনি। গত বছর লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জেতে প্রোটিয়ারা। আন্তর্জাতিক ক্রিকেটে পুনরাগমনের পর এটিই তাদের বড় কোনো টেস্ট সাফল্য।

বর্তমান দক্ষিণ আফ্রিকা দল নিয়ে আশাবাদী হারমার। প্রধান কোচ শুকরি কনরাড এবং অধিনায়ক টেম্বা বাভুমার অধীনে দলটি ব্যক্তিনির্ভর নয়, বরং দলীয় শক্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মনে করেন তিনি। ‘আমাদের দল অংশগুলোর যোগফলের চেয়েও বড়। কয়েকজন তারকা থাকলেও সবাই মিলে শক্তিশালী ইউনিট গড়ে তুলেছি,’ বলেন তিনি।

কাউন্টি ক্রিকেট নিয়েও খোলামেলা মত দিয়েছেন হারমার। তার মতে, ১৮টি দল থাকার কারণে অনেক সময় গড়পড়তা মানের খেলোয়াড়রাও টিকে থাকার সুযোগ পায়। ‘শুধু দক্ষতা নয়, চাপের মুহূর্তে লড়াই করার মানসিকতাও জরুরি,’—যোগ করেন এই স্পিনার।

এমআই