শিগগিরই বিয়ে করছেন শুভমান গিল?
খেলা ডেস্ক
০৪ মে ২০২৬, ২২:১৭
মাঠের লড়াইয়ের আগেই টসের মঞ্চে অপ্রস্তুত মুহূর্তে পড়লেন শুভমান গিল। ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা এই ভারতীয় ব্যাটারকে এবার সরাসরি বিয়ের প্রসঙ্গেই প্রশ্ন ছুড়ে দিলেন সঞ্চালক ড্যানি মরিসন। মাঠের মানুষের কাছ থেকে এমন প্রশ্নের আশা হয়তো করেননি ভারতীয় অধিনায়ক।
পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শুরুর আগে টসের সময় গিলকে দেখে মরিসন মজা করেই জানতে চান, ‘তোমাকে দেখে খুব ভালো লাগছে। বিয়ের ঘণ্টা বাজতে শুরু করেছে নাকি? দ্রুত বিয়ে করছ?’ প্রশ্নটা শুনে স্পষ্টই অস্বস্তিতে পড়ে যান গুজরাটের অধিনায়ক। তবে পরিস্থিতি সামলে সংক্ষিপ্ত জবাব দেন, ‘না, সে রকম কিছু নয়।’
ক্রিকেটে ফেরার পর গিলের নতুন লুকও নজর কাড়ছে। আগে ক্লিন শেভড চেহারায় অভ্যস্ত ভক্তরা এখন তাকে হালকা দাড়িতে দেখছেন। সেই পরিবর্তন ঘিরেই হয়তো রসিকতার সুরে প্রশ্নটা করেন মরিসন, কিন্তু সেটি খুব একটা ভালোভাবে নেননি সমর্থকেরা।
সামাজিক মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাদের অভিযোগ, বারবার গিলের ব্যক্তিজীবন টেনে আনা অপ্রাসঙ্গিক। ক্রিকেটার হিসেবে পারফরম্যান্সের বাইরেও এমন প্রশ্ন করা উচিত নয় বলেই মনে করছেন তারা। এর আগেও ব্যক্তিগত বিষয় নিয়ে বাড়তি আলোচনা পছন্দ নয় বলে জানিয়েছেন গিল নিজেই।
মাঠের লড়াইয়ে অবশ্য গুজরাট নিজেদের কাজটা ঠিকই করেছে। পঞ্জাবকে হারিয়ে প্লে অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে দলটি। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে তারা, সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ।
এমআই