Advertisement
Us Bangla Airlines
তানজিদের ব্যাটে খরা, চিন্তায় বাংলাদেশ

তানজিদের ব্যাটে খরা, চিন্তায় বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ মে ২০২৬, ১৪:৫৭

কোথায় যেন ছন্দ হারিয়ে ফেলেছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে নামলেই চোখেমুখে অস্বস্তি, গতি আর সুইং সামলাতে যেন প্রস্তুত নন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে তার শুরুগুলো ছিল মন্থর। একমাত্র ৭৬ রানের ইনিংসটি বাদ দিলে বাকি স্কোর ২, ১, ২০ ও ৬। তার সামর্থ্যের সঙ্গে এই পরিসংখ্যান একেবারেই যায় না।

ছোট ক্যারিয়ারে অনিয়মিত পারফরম্যান্স নতুন কিছু নয়। তবে এবার দৃশ্যটা একটু ভিন্ন। ডট বল জমিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে তাকে আগে খুব একটা দেখা যায়নি। অথচ এই সিরিজে সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগের ম্যাচে ২৫ বলে করেছেন ২০ রান। পরের ম্যাচে ১০ বলে করেছেন মাত্র। টি-টোয়েন্টির গতির সঙ্গে এই ধরণ বেমানান।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে একাধিক বল খেলে ১২ বার ১০০-এর নিচে স্ট্রাইক রেটে আউট হয়েছেন তিনি। এর মধ্যে সর্বশেষ ৬ ইনিংসে এমন হয়েছে ৪ বার। অন্তত ২০ বল খেলে এত কম স্ট্রাইক রেটে আউট হয়েছেন দুইবার। ২০২৪ বিশ্বকাপের পর এই প্রথম এমন চিত্র দেখা গেল।

তাতেই প্রশ্ন উঠছে, হঠাৎ কী হলো তামিমের? দলের মোট রানের প্রায় ১৬ শতাংশ আসে তার ব্যাট থেকে। এমন একজন বাঁহাতি ওপেনার যদি রানখরায় ভোগেন, তাহলে চাপ পড়বে পুরো ব্যাটিং লাইনে। বড় সংগ্রহ গড়া কিংবা রান তাড়া, দুই ক্ষেত্রেই পিছিয়ে পড়ার শঙ্কা বাড়বে বাংলাদেশের।

এমআই