Advertisement
Us Bangla Airlines
নিজের খেলা সেই শটের নামই জানেন না শামীম

নিজের খেলা সেই শটের নামই জানেন না শামীম

খেলা ডেস্ক

০১ মে ২০২৬, ১৬:৫৪

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ের পর দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় শেষ ম্যাচই এখন সিরিজ নির্ধারণের মঞ্চ। তবে মাঠের ফলাফলের বাইরেও এক চমকপ্রদ ‘নো লুক’ শট ঘিরে আলোচনার কেন্দ্রে আছেন শামীম পাটোয়ারী।

প্রথম ম্যাচে উইকেটের পেছনে না তাকিয়েই হাঁকানো সেই ছক্কা ইতোমধ্যে দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। কিন্তু মজার বিষয়, শটটির নামই জানেন না শামীম নিজে! শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন উঠতেই অকপট স্বীকারোক্তি দেন এই বাঁহাতি ব্যাটার।

শামীম বলেন, শটটির নির্দিষ্ট কোনো নাম তার জানা নেই, তবে এমন শট নিয়মিতই অনুশীলন করেন তিনি। ম্যাচ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্তে নতুন কিছু করার প্রবণতাই তাকে এমন শট খেলতে উদ্বুদ্ধ করে।

তার ভাষায়, ব্যাটিংয়ে নামলেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চান। মারার বল পেলে আক্রমণ করাই তার স্বাভাবিক প্রবণতা। দলের প্রয়োজনে আক্রমণাত্মক ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত তিনি। নির্দিষ্ট কোনো শট নয়, বরং সব ধরনের শট নিয়েই নিয়মিত অনুশীলন করছেন বলেও জানান এই তরুণ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু বৃষ্টির বাধায় একটি বলও মাঠে গড়ায়নি। বিষয়টি নিয়ে শামীম বলেন, আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই।এটাকে দুর্ভাগ্য হিসেবেই দেখছেন তারা।

সবঠিক থাকলে আগামীকাল শনিবার দুপুর ২টায় মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে লিটনদের, হেরে মেনে নিবেন ড্র।

এমআই