‘নাহিদ আমাদের বিপক্ষে খুব ভালো করবে না’
খেলা ডেস্ক
০৬ মে ২০২৬, ১৪:৫৩
দুই বছরের ধারাবাহিকতায় জাতীয় দলে নিজের জায়গা শক্ত করেছেন নাহিদ রানা। সাদা বলের ক্রিকেটে নিয়মিত না হলেও লাল বলে তিনি এখন দলের ভরসার নাম। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন এই পেসার। এবার অপেক্ষা টেস্ট মঞ্চে নিজেকে প্রমাণের।
মাঠে নামার আগেই প্রতিপক্ষ শিবির থেকে এল বড় স্বীকৃতি। মিরপুরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি নাহিদ রানাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন।
শাহিন বলেন, ‘আমি ওয়ানডে সিরিজের আগে শন টেইটের সাথে কথা বলেছিলাম। আমার মনে হয় নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি বাংলাদেশ তাকে (নাহিদ রানা) ভালোভাবে কাজে লাগাবে।’
শাহিন আফ্রিদি অবশ্য হাস্যরস করে জানালেন রানা ভালো ফর্মে থাকলেও পাকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারবে না। তিনি বলেন, ‘নাহিদ রানা খুব ভালো ফর্মে আছে। তবে আশা করি, আমাদের বিপক্ষে খুব ভালো করবে না (হাসি)।’
অতীতে টেস্ট সিরিজ হার নিয়ে আফ্রিদি বলেন, ‘অতীত তো অতীতই। আমি ব্যক্তিগতভাবে অতীত মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকানো যে, আমরা নিজেদের কীভাবে তৈরি করছি।’
সবশেষ দেখায় পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০২৪ সালে টাইগারদের বিপক্ষে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে হারে শান মাসুদের দল। এবার বাংলাদেশের মাটিতে দুটো টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। শান্তদের বিপক্ষে এবার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় শাহিন আফ্রিদিরা।
এমআই