Advertisement
Us Bangla Airlines
ভারতের বিপক্ষে ভারতেই ‘হোম সিরিজ’ খেলবে আফগানিস্তান!

ভারতের বিপক্ষে ভারতেই ‘হোম সিরিজ’ খেলবে আফগানিস্তান!

খেলা ডেস্ক

০২ জুন ২০২৬, ২১:৪৮

বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তান। গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আফগান ক্রিকেটারদের দাপুটে উপস্থিতি—সব মিলিয়ে ক্রিকেট মানচিত্রে নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। এবার ইতিহাস গড়তে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আয়োজন করতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সিরিজ।

তবে এই ‘হোম সিরিজে’ থাকছে ভিন্নতা। আফগানিস্তানের আয়োজনে সিরিজ হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী দিল্লিতে। অর্থাৎ ভারতের বিপক্ষে, ভারতের মাটিতেই ‘হোম সিরিজ’ খেলবে আফগানিস্তান। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

সম্ভাব্য সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে ১৩, ১৬ ও ১৯ সেপ্টেম্বর। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সিরিজটি আয়োজনের বিষয়ে দুই বোর্ডের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। এর আগে আগামী ৬ জুন থেকে ভারতের মাটিতে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেই সিরিজের আয়োজক ভারত হলেও সেপ্টেম্বরে দুই দলের ভূমিকায় পরিবর্তন আসতে পারে। তখন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আয়োজক হবে আফগানিস্তান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সিরিজ আয়োজন নিয়ে দুই বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছে। বাকি আনুষ্ঠানিকতা শেষ হলেই সূচি ঘোষণা করা হবে। এছাড়া এই সিরিজের কারণে দিল্লি প্রিমিয়ার লিগের সূচিতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে দীর্ঘদিন ধরেই নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না আফগানিস্তান। ফলে গত এক দশকে ভারতের বিভিন্ন শহর ও সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে তারা। সেই ধারাবাহিকতায় এবার ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ‘হোম সিরিজ’ও আয়োজন করতে যাচ্ছে ভারতের মাটিতেই।