১৯ রানের জন্য রেকর্ড গড়া হলো না শান্তর
খেলা ডেস্ক
০৯ জুন ২০২৬, ২২:০৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন বলে সংগ্রাম করেছেন নাজমুল হোসেন শান্ত। সময় বাড়তেই পিচের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন, ব্যাট হাতে পেয়েছেন রানের দেখা। পাকিস্তান সিরিজে দারুণ ফর্মে থাকা এই ব্যাটার ফিফটি হাঁকিয়ে শুরু করলেন অস্ট্রেলিয়া সিরিজ। তবুও রেকর্ড গড়ার পথে এগিয়ে এক নীরব আক্ষেপে মাঠ ছেড়েছেন তিনি।
অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৮৬ বলে ৬৭ রান করেছেন শান্ত। মাত্র ১৯ রান করলেই বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতেন তিনি। মাত্র ৬৪ ইনিংস খেলে ওয়ানডেতে দুই হাজার রান করেছেন সৌম্য, যা দেশের হয়ে সর্বোচ্চ। ৬৪ ইনিংস খেলে ১৯ রানের আক্ষেপ নিয়ে শান্ত থেমেছেন ১৯৮১ রানে।
দ্রুততম দুই হাজার রান করার তালিকায় সৌম্যর পরেই শাহরিয়ার নাফিস ও লিটন দাস। ওয়ানডেতে মাত্র ৬৫ ইনিংস খেলে এই দুই ব্যাটার দুই হাজার রানের ক্লাবে যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৯ রান করলে নাফিস-লিটনের সঙ্গে যোগ দিবেন শান্ত। শীর্ষ স্থান অর্জন না করতে পারলেও দ্বিতীয় স্থানের দিকে তাকিয়ে শান্ত।
ওয়ানডেতে দুই হাজার রান করতে তামিম ইকবাল খেলেছেন ৭০ ইনিংস। এক ইনিংস কম, অর্থাৎ ৬৯ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। মুশফিক-রিয়াদের অবস্থান আরও পিছিয়ে।
দ্রুততম দুই হাজার রান করার তালিকায় দুই বছর আগে হাশিম আমলাকে টপকে শীর্ষে ওঠেছেন শুভমান গিল। ভারতের ওয়ানডে অধিনায়ক মাত্র ৩৮ ইনিংস খেলেই ওয়ানডে ফরম্যাটে দুই হাজার রান করেছেন। ৪১ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে লম্বা সময় রেকর্ডটা নিজের করে রেখেছিলেন হাশিম আমলা।