টাইগারদের উইকেট ঝড়ের পর মিরপুরে বৃষ্টির হানা
খেলা ডেস্ক
১১ জুন ২০২৬, ১৫:০৫
৮১ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচটা জমিয়ে তুলেছিলেন বার্টলেট ও মার্নাস লাবুশেন। ১০৩ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানে অলআউট হওয়া থেকে বাঁচিয়েছেন এই দুই ব্যাটার। ঘরের মাঠে সফরকারীদের এমন নিয়ন্ত্রণ মানতে পারেননি তাসকিন আহমেদ। ৪১তম ওভারে টানা দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিনি।
তাসকিন ঝড়ের পরেই মিরপুরে আঘাত হেনেছে বৃষ্টি। খুব জোরালো না হলেও খেলোয়াড়দের নিয়ে দ্রুতই মাঠ ছেড়েছেন আম্পায়াররা। বৃষ্টি নামার আগেই ৪২ ওভার শেষে ৮ উইকেটে ১৮৭ রান করেছে সফরকারী অস্ট্রেলিয়া। এবার মর্জি আর অস্ট্রেলিয়ান ব্যাটারদের দক্ষতার পরীক্ষা শেষে জয়ের লক্ষ্য খুঁজে পাবে বাংলাদেশ।
এর আগে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ওভারে তাসকিনের আঘাতের পর ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজের জোড়া আঘাত। তাতেই লজ্জার ইতিহাসে নাম লেখান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম তারা কোনো রান না করেই তিন উইকেট হারিয়েছে।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র চতুর্থ দল হিসেবে ইনিংসের প্রথম ৩ উইকেট হারাল কোনো রান যোগ হওয়ার আগেই। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। আগের তিন ঘটনার সর্বশেষটি ছিল আবার বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম তিন বলে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ।
অজিদের উইকেট হারানোর গল্প এখানেই থেমে থাকেনি। নিয়মিত বিরতিতে উইকেট তুলেছেন মোস্তাফিজ-তানভীর। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে শতরানের আগে অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়া। তবে সেই বিপর্যয় সামাল দিয়েছেন বার্টলেট ও মার্নাস লাবুশেন। ১০৩ রানের জুটি গড়ে দলকে এনে দিয়েছেন সম্মানজনক স্কোর।
তাসকিনের বলে বার্টলেট বোল্ড হলেও ক্যারিয়ারসেরা ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ৮ রান করেছিলেন এই ব্যাটার।