Advertisement
Us Bangla Airlines
ইয়ামালকে নিয়ে ‍নতুন খবর দিলেন স্পেন কোচ

ইয়ামালকে নিয়ে ‍নতুন খবর দিলেন স্পেন কোচ

খেলা ডেস্ক

০৪ জুন ২০২৬, ২০:৫১

লা লিগায় চোটে পড়ে ভক্তদের অস্বস্তি বাড়িয়েছেন লামিনে ইয়ামাল। বিশ্বকাপের মাস দেড়েক আগে ইনজুরিতে পড়া ইয়ামালকে নিয়ে জেগেছিল শঙ্কাও। কিন্তু এই তরুণ ফুটবলারকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করে স্পেন। সময় বাড়তে ইয়ামালও ইনজুরি থেকে অনেকটা সেরে ওঠেছেন। তাতে প্রশ্ন ওঠেছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে ইয়ামালকে পাওয়া যাবে তো?

বহুল প্রতীক্ষিত এই প্রশ্নের অস্পষ্ট উত্তর দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ অভিযানে স্পেনের প্রথম ম্যাচ থেকেই ইয়ামালকে পাওয়া যেতে পারে। তবে এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি। অর্থাৎ স্পেনের জার্সিতে ইয়ামালের বিশ্বকাপে নামার তারিখ এখনো দোলাচলে থেকে গেল।

ইয়ামালের খেলার বিষয়ে লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘বড় পরিবর্তন না আসলে ১৫ জুনের ম্যাচে ইয়ামাল খেলতে পারে। তবে সে যে খেলবেই বিষয়টি তা নয়। তার শারীরিক অবস্থার মূল্যায়ন করতে হবে আমাদের। হয়তো কিছু সময় খেলবে, কিংবা অনুশীলন করবে। যাতে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে পারে।’

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মহারণ। স্প্যানিশদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৫ জুন। কেপ ভার্দের বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নে নামবে লা ফুয়েন্তের শিষ্যরা। এর আগে আজ বৃহস্পতিবার রাতে ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামছে স্পেন। তবে সেই ইয়ামালের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন স্প্যানিশ কোচ।

গত ২২ এপ্রিল লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ইনজুরিতে পড়েন লামিনে ইয়ামাল। বাঁ পায়ে চোট ধরা পড়ায় বার্সার জার্সিতে বাকি ম্যাচে নামেনি এই ফরোয়ার্ড। তাতেই ইয়ামালের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে শারীরিক উন্নতি হলেও এখনো শঙ্কা কাটিয়ে ওঠতে পারেননি এই তারকা ফুটবলার।