Advertisement
Us Bangla Airlines
চেন্নাইতে নিয়োগ পেলেন বাংলাদেশের সাবেক কোচ

চেন্নাইতে নিয়োগ পেলেন বাংলাদেশের সাবেক কোচ

খেলা ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯

বাংলাদেশ জাতীয় দলে ২০২২ সালে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। ইনটেন্ট-ইমপ্যাক্টের গল্প শুনিয়ে বিশ্বকাপে আহামরি কিছু করতে পারেনি শ্রীরামের শিষ্যরা। তবে পরিকল্পনার ছক আর সাহসী কিছু সিদ্ধান্তের কারণে এ কোচ টাইগারদের মনে ধরেছিলেন। এরপর গত ওয়ানডে বিশ্বকাপে খণ্ডকালীন দায়িত্বেও লাল-সবুজের দলে আরেকবার নিয়োগ পেয়েছিলেন এই ভারতীয় কোচ।

এবার ভারতের ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দায়িত্ব পালন করবেন তিনি। শ্রীরামকে নিয়োগ দিয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টটির আসন্ন আসরে মহেন্দ্র সিং ধোনির দলে সহকারী বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টাইগারদের সাবেক কোচ। 

চেন্নাইয়ের কোচিং প্যানেলে রয়েছে বেশ কিছু বড় নাম। দলটির প্রধান কোচ হিসেবে আছেন সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। এ ছাড়া কোচিং প্যানেলে আছেন মাইক হাসি (ব্যাটিং কোচ) এবং এরিক সিমন্স (বোলিং কনসালট্যান্ট)। কোচিং ক্যারিয়ারে অভিজ্ঞ শ্রীরামও যুক্ত হলেন সহকারী বোলিং কোচ হিসেবে। তবে চেন্নাই এখনও তাদের প্রধান বোলিং কোচ নিয়োগ দেয়নি।

এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন শ্রীধরন শ্রীরাম। সে সময়ই ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার স্পিন কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন শ্রীরাম। পাশাপাশি অভিজ্ঞতা রয়েছে আইপিএলেও। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কাজ করেছেন শ্রীরাম। সর্বশেষ বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে কোচ ছিলেন আইপিএলের লখনৌ সুপার জায়ান্টসের। এবার প্রথমবার যুক্ত হলেন চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতে।

এমআই