ভারতকে বাড়তি সুবিধা দেওয়ায় ক্ষুব্ধ ২ ইংলিশ ক্রিকেটার
খেলা ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১
চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিটি দলকেই ভ্রমণ ক্লান্তি সামলাতে হচ্ছে। গ্রুপ ‘বি’-তে থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকাকে নিয়মিত পাল্টাতে হচ্ছে ম্যাচের ভেন্যু। গ্রুপ ‘এ’-তে থাকা দলগুলোর ভ্রমণ ঝক্কি আরও বেশি। ভারতের সাথে খেলতে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে যেতে হয়েছে দুবাইয়ে।
সব দলের এমন ভ্রমণ ক্লান্তির মাঝে বেশ স্বাচ্ছন্দ্যে আছে ভারতীয় ক্রিকেট দল। হাইব্রিড পদ্ধতিতে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ায় রোহিত শর্মারা আরব আমিরাতের দুবাইতে তাদের ম্যাচগুলো খেলছেন। একই ভেন্যুতে নিয়মিত ম্যাচ হওয়ায় তাদের যেমন ভ্রমণ ক্লান্তি নেই, তেমনি হোটেল পরিবর্তনের বিড়ম্বনায় পড়তে হয়নি তাদের।
ভারতকে এত সুবিধা দেওয়ায় আইসিসির সিদ্ধান্তের ওপর চটেছেন ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার মাইক আথারটন এবং নাসের হুসাইন। বর্তমানে ধারাভাষ্য নিয়ে ব্যস্ত দুই ইংলিশ ক্রিকেটারের মতে, কেবল এক ভেন্যুতে খেলার কারণে টিম ইন্ডিয়া নিজেদের পরিকল্পনা বাকি যেকোন দলের চেয়ে বেশ ভালোভাবেই নিতে পারছে।
ভারত এক জায়গায় রয়েছে। তারা একই হোটেলে অবস্থান করছে। তাদের কোনো ভ্রমণের প্রয়োজন নেই। তারা একই ড্রেসিং রুম ব্যবহার করছে। তারা পিচ সম্পর্কে জানে।
~নাসের হুসাইন
সম্প্রতি স্কাইস্পোর্টসের সঙ্গে আলাপ করতে গিয়ে ভারতের বাড়তি সুবিধা প্রসঙ্গে আথারটন বলেন, ‘দুবাইয়ে খেলায় ভারতের সুবিধা কী, শুধু দুবাইয়ে খেলা? আমার কাছে সুবিধাটা পরিমাপ করা কঠিন, তবে নিঃসন্দেহে এটা সুবিধা। তারা স্রেফ একটি ভেন্যুতে খেলছে। তাদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে বা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে হচ্ছে না, অন্যান্য অনেক দলের তা করতে হচ্ছে।’
আথারটন বলেন, ‘তারা কেবলমাত্র এক ভেন্যুতেই খেলছে। অন্যান্য অনেক দলের মতো তাদের বিভিন্ন ভেন্যু বা দেশের মধ্যে ভ্রমণ করতে হচ্ছে না। তাই, তাদের দল নির্বাচন শুধুমাত্র দুবাইয়ের জন্যই পরিকল্পনা করতে পারছে। যদি তারা সেমিতে যায়, তারা জানে কোন ভেন্যুতে খেলবে। এটি নিঃসন্দেহে একটি বড় সুবিধা।’
নাসের হুসাইনও একমত মাইক আথারটনের কথায়, ‘ভারত এক জায়গায় রয়েছে। তারা একই হোটেলে অবস্থান করছে। তাদের কোনো ভ্রমণের প্রয়োজন নেই। তারা একই ড্রেসিং রুম ব্যবহার করছে। তারা পিচ সম্পর্কে জানে। তারা সেই পিচের জন্য দল নির্বাচন করেছে। যখন তারা দল গঠন করেছিল, তখন তারা অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।’
সাবেক এই অধিনায়ক পরে বলেন, ‘তারা সম্ভবত আগেই অনুমান করতে পেরেছিল যে দুবাইয়ের কন্ডিশন কেমন হতে পারে। তাই তারা তাদের সব পেসারদের নির্বাচন করেছিল। তখন ভারতীয় মিডিয়া থেকে প্রশ্ন উঠেছিল, “আপনারা কেন একজন বাড়তি পেসার নেননি? কেন এত স্পিনার?” আমরা এখন দেখছি, কেন তারা এমন সিলেকশন করেছিল।’
এমআই