Advertisement
Us Bangla Airlines
আইপিএলকে টেক্কা দিতে নতুন ছক আঁকছে সৌদি আরব!

আইপিএলকে টেক্কা দিতে নতুন ছক আঁকছে সৌদি আরব!

খেলা ডেস্ক

১৫ মার্চ ২০২৫, ১৮:৩৬

টি-টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনা বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখন পর্যন্ত বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তকমা ধরে রেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। তবে রোহিতদের দেশের সেই টুর্নামেন্টকে ছাড়িয়ে যেতে বিশ ওভারের নতুন টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে সৌদি আরব। অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য এইজ সূত্রে এ তথ্য জানা গেছে।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশেষজ্ঞ নীল ম্যাক্সওয়েলকে নিয়ে এমন পরিকল্পনা আঁকছে সৌদি। যেখানে প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। নীল ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্লাবের সাবেক ক্রিকেটার। যিনি অজি অধিনায়ক প্যাট কামিন্সকে দিকনির্দেশনা দিয়ে থাকেন, একইসঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স এসোসিয়েশনের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে টেক্কা দিতে সৌদি লিগে ভিন্ন মাত্রা আনতে চলেছেন নীল ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান গণমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি আরবের প্রস্তাবিত গ্লোবাল টি-২০ লিগে মোট ৮টি দল খেলবে। তবে এই দলগুলোর কার্যক্রম সাজানো হবে টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট গ্র্যান্ড স্লামের আদলে। তাতে ৮টি দল বিশ্বের চারটি ভেন্যুতে সারা বছর খেলা বেড়াবে।

সৌদির এমন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অবশ্য আইসিসির অনুমোদনের প্রয়োজন হবে। বর্তমানে আইসিসির সহযোগি সদস্য হিসেবে অবস্থান করছে সৌদি আরব। আইপিএলের চলতি আসরের মেগা নিলামও এই দেশে অনুষ্ঠিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে সৌদির অর্থনীতি আরও বিস্তারের মাধ্যম হিসেবে ক্রীড়াকে বেছে নিয়েছে দেশটির সরকার। যার একটি উপলক্ষ হতে পারে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

উল্লেখ্য, ক্রীড়া জগতে সৌদি আরবের চমক নতুন কিছু নয়। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলিয়ান তারকা নেইমার, ফরাসি তারকা করিম বেনজেমাদের মতো খেলোয়াড়দের সৌদি প্রো লিগে ভিড়িয়ে আলাদা মহাত্ম্য তৈরি করেছে। যা বর্তমানে ইপিএল, চ্যাম্পিয়নস লিগ, মেজর সকার লিগের মতো ফুটবল টুর্নামেন্টগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে।

এমআই