Advertisement
Us Bangla Airlines
বুড়োদের টুর্নামেন্টে টাকার বৃষ্টি, কত পেলেন শিরোপা জেতা শচীনরা?

বুড়োদের টুর্নামেন্টে টাকার বৃষ্টি, কত পেলেন শিরোপা জেতা শচীনরা?

খেলা ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ২০:১৬

সাবেক ক্রিকেটারদের মিলনমেলা বসেছিল ভারতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে। যেখানে অংশ নিয়েছিলেন শচীন-লারাদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। গ্রুপ পর্বের ম্যাচে সাঙ্গাকারার সেই কাভার ড্রাইভ, শেন ওয়াটসনের পুল শট দেখে শৈশবে ডুবেছিলেন অনেকেই। গতকাল ফাইনাল ম্যাচের মাধ্যমে মাস্টার্স লিগের পর্দা ওঠেছে।

শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতের রায়পুরের স্টেডিয়ামে সেই ফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন ৪৭ হাজারের বেশি দর্শক। ভক্তদের প্রত্যাশার সবটুকুই যেন পূরণ করেছে শচীনের দল। ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। 

তাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটো শিরোপা জিতল ম্যান ইন ব্লুর প্রতিনিধিরা। গত ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর এবার মাস্টার্স লিগের শিরোপা জিতলেন শচীনরা। ক্যারিবিয়ানদের হারিয়ে দেওয়ার দিনে বড় অঙ্কের টাকাও পেয়েছে ভারত দল। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বুড়ো বয়সে এসেও কোটি টাকা জিতেছে যুবরাজরা। আর রানার্সআপ হওয়া ক্যারিবিয়ানরা পেয়েছে ৫০ লাখ টাকা।

ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি চার-ছক্কা মেরেছেন আম্বাতি রাইডু। ফলে সবচেয়ে বেশি বাউন্ডারি মারায় ৫০ হাজার, সর্বোচ্চ ছক্কায় ৫০ হাজার এবং ম্যাচ সেরা হওয়ায় আরও ৫০ হাজার টাকা পেয়েছেন এই ব্যাটার। সবমিলিয়ে রাইডুর পকেটেই ঢুকেছে দেড় লাখ টাকা। এছাড়া ১২ রানে ২ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া শাহবাজ নাদিমও পেয়েছেন ৫০ হাজার টাকা।

এছাড়া পুরো টুর্নামেন্টে ৩৮টি বাউন্ডারি হাঁকিয়ে ৫ লাখ টাকা পাচ্ছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গকারা। পাশাপাশি আসর জুড়ে ২৫টি ছক্কা মারা অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের পকেটেও ৫ লাখ টাকা জমা পড়েছে। 

উল্লেখ্য, মাস্টার্স লিগের ফাইনালে প্রথমে ব্যাট করে ব্রায়ান লারার দল ওয়েস্ট ইন্ডিজ করে ১৪৮ রান। জবাবে ৫০ বলে ৭৪ রান করেন আম্বাতি রাইডু। শচীন টেন্ডুলকাদর ১৮ বলে ২৫ রান করেন। দুজনের জুটিতেই জয়ের অনেকটা কাছে পৌঁছে যায় ভারত। বাকি কাজ করে দেন যুবরাজ ও স্টুয়ার্ট বিনি। ৬ উইকেট হাতে নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

এমআই