Advertisement
Us Bangla Airlines
ইতিহাস গড়া সেই ভারতীয় ক্রিকেটার মারা গেছেন

ইতিহাস গড়া সেই ভারতীয় ক্রিকেটার মারা গেছেন

খেলা ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ১৬:০৫

টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় ধরে খেলছে ভারত। ১৯৩২ সাল থেকে শুরু করা লম্বা সংস্করণের ক্রিকেটে ইতোমধ্যে ৯৩ বছর পার করেছে টিম ইন্ডিয়া। ভারতের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত দুইজন বোলার ম্যাচের প্রথম বলে উইকেট নিতে পেরেছেন। যেই কীর্তির অভিষেকটা হয়েছিল ব্যাটিং অলরাউন্ডার সৈয়দ আবিদ আলির হাত ধরে।

ভারতের হয়ে এরপর ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়ার নজির গড়েছিলেন আরেকজন বোলার, সেটা কপিল দেব। ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা এই অলরাউন্ডার দুবার ম্যাচের প্রথম বলে উইকেট শিকার করেছেন। তবে এই রেকর্ডে ইতিহাসের পাতায় প্রথমে নাম লেখানো সেই আবিদ আলি গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

বুধবার (১২ মার্চ) ৮৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা গেছেন তিনি। গত শতাব্দীর ষাটের দশকে ও সত্তরের দশকের শুরুর দিকে ভারতের তারকা ক্রিকেটারদের একজন ছিলেন আবিদ। হায়দরাবাদে জন্ম নেওয়া আবিদের টেস্ট অভিষেক ১৯৬৭ সালের ডিসেম্বরে অ্যাডিলেইডে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

অভিষেক ইনিংসেই ৬ উইকেট নেন ৫৫ রান দিয়ে। সেটিই হয়ে আছে তার ক্যারিয়ার সেরা বোলিং। এরপর আর ফাইফারের স্বাদ পাননি তিনি। অভিষেকে ব্যাট হাতে ছয় ও সাতে নেমে দুই ইনিংসেই করেন ৩৩ রান। ওই সফরেই সিডনি টেস্টে ওপেনিংয়ে নেমে খেলেন ৭৮ ও ৮১ রানের চমৎকার ইনিংস। সব মিলিয়ে ২৯ টেস্টে ৬ ফিফটিতে ২০.৩৬ গড়ে আবিদ করেন এক হাজার ১৮ রান।

অলরাউন্ডার আবিদ আলি বলটাও ভালো করতেন। দলের প্রয়োজনে কখনো হাতে তুলে নিতেন নতুন বল, আবার কখনো পুরোনো বল। মিডিয়াম পেস বল করা এই ক্রিকেটার টেস্ট ক্যারিয়ারে ৪৭টি উইকেট শিকার করেছেন। 

ইতিহাস গড়া এই ক্রিকেটারের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘খুবই বেদনাদায়ক খবর, তিনি ছিলেন সিংহহৃদয়ের ক্রিকেটার, যিনি দলের যা প্রয়োজন, তাই করতেন। একজন অলরাউন্ডার হওয়ার পরও তিনি মিডল অর্ডারে ব্যাট করতেন, প্রয়োজনে ওপেনিংয়ে ব্যাটিং করতেন।’

ফিল্ডিংয়ে আবিদ আলির ক্ষিপ্রতা নিয়েও স্মৃতিচারণ করেছেন গাভাস্কার। তিনি বলেন, ‘লেগ সাইডে কিছু অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন তিনি, যা আমাদের দুর্দান্ত স্পিন চতুষ্টয়কে আরও ধারাল করে তুলেছিল।’

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটেও উজ্জ্বল নাম সৈয়দ আবিদ আলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১২ ম্যাচ খেলেছিলেন এই বর্ষীয়ান ক্রিকেটার। যেখানে ১৩ সেঞ্চুরিতে প্রায় ৯ হাজার রান করেছেন তিনি। এছাড়া ৩৯৭টি উইকেট রয়েছে তার দখলে।

এমআই