পাঁচ ম্যাচে ৩৬ রান করা অঙ্কন কেন জাতীয় দলে?
খেলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৯
রাইজিং স্টার্স এশিয়া কাপে ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্স করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। পাঁচ ম্যাচে মাত্র ৩৬ রান করেছেন এই ক্রিকেটার। তবুও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অঙ্কন। বিস্ময়টা শুধু সমর্থকদের নয়, অবাক হয়েছেন টিম ডিরেক্টর আবদুর রাজ্জাকও।
আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে রাজ্জাক স্পষ্ট করেই বললেন, অঙ্কনকে অন্তর্ভুক্তির কারণ তাঁর জানা নেই। বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার রাজ্জাক বলেন, ‘এটা নির্বাচকদের সিদ্ধান্ত। অঙ্কনকে কেন নেওয়া হয়েছে, সেটা তারা ভালো জানেন।’
এশিয়া কাপের ফাইনালে রানের খাতা খোলার আগেই রিভার্স সুইপে এলবিডব্লু হয়ে বিদায় নেন অঙ্কন। যা নতুন করে প্রশ্ন তুলেছে তাঁর ফর্ম নিয়ে। এছাড়া সেমিফাইনালেও দলের গুরুত্বপূর্ণ সময়ে মাত্র এক রান করে বিদায় নিয়েছেন তিনি। তাতেই অঙ্কনের অর্ন্তভুক্তি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি বিসিবি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৩–০ ব্যবধানে হারলেও রাজ্জাক দলকে বাজে অবস্থানে দেখছেন না। তাঁর ব্যাখ্যা, ‘স্কোয়াড মোটামুটি ভালোই হয়েছে। মোমেন্টামের খেলায় যে ধরে রাখে, সেটাই জেতে।’ এছাড়া প্রথম টি-টোয়েন্টিতে জেতার মতো রান করাই লক্ষ্য তার।
সিরিজে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল। তাঁর উপস্থিতি নিয়ে রাজ্জাক বললেন, ‘এক সিরিজে কারও প্রভাব বিচার করা কঠিন, তবে ইতিবাচকই হবে।’
এমআই