মাত্র ৬ রানের জন্য রেকর্ড হলো না জাকিরের
খেলা ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৫, ২০:২৯
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন গতকালই সেরেছে রংপুর বিভাগ। তবুও আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা ছিল সারাদিন। বিসিবি ঘোষণা দিতে দেরি করেছে, ব্যাপারটা এমনও নয়। বরং রংপুরকে সারাদিন অপেক্ষায় রেখেছে সিলেট বিভাগ।
রাজশাহীতে বরিশালের বিপক্ষে খেলেছিল সিলেট। ম্যাচের শেষ দিনে আজ সিলেট জিতলেই শিরোপার ভাগীদার হতে পারতো জাকির হাসানের দল। এমনকি শেষ দিনে ৩২ রান করলেই সেরা ব্যাটার হিসেবে আসর শেষ করতে পারতেন সিলেটের অধিনায়ক। কিন্তু শেষ ম্যাচটা জিতল না সিলেট।
বরিশালের বিপক্ষে ম্যাচ ড্র করেই আসর শেষ করল চায়ের দেশ। তাতে রানার্স আপ হয়েই এনসিএল শেষ করল মুশফিক-জাকিররা। অন্যদিকে, বরিশালের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৬ রান করায় রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় থেকেই আসর শেষ করল সিলেট দলপতি। আর ৬ রান করলেই তিনি হতেন সেরা ব্যাটার।
এ তালিকায় সবার ওপরে আছেন সৌম্য সরকার। খুলনার হয়ে ৭ ম্যাচে ১৩ ইনিংসে ৬৩৩ রান করেছেন তিনি। যেখানে সর্বোচ্চ ১৮৬, গড় ৪৫.২১। তার ব্যাট থেকে এসেছে ৪ সেঞ্চুরি ও ১ ফিফটি। তালিকায় তৃতীয় ঢাকার মার্শাল আইয়ুব। ৭ ম্যাচে ১২ ইনিংসে তুলেছেন ৬২৫ রান, সর্বোচ্চ ১৬৫, গড় ৬২.৫। করেছেন ২ সেঞ্চুরি ও ৩ ফিফটি।
এরপর রাজশাহীর প্রীতম কুমার ১৪ ইনিংসে ৫৭৪ রান, ময়মনসিংহের নাঈম শেখ ১২ ইনিংসে ৫৪৭ রান, ঢাকার আশিকুর রহমান শিবলি ১২ ইনিংসে ৫৪৩ রান,একই দলের আনিসুল ইসলাম ১০ ইনিংসে ৪৯৪ রান, বরিশালের ইফতেখার হোসেন ইফতি ১৪ ইনিংসে ৪৫৩ রান করেছেন।
বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট বরিশালের তানভীরের। ৭ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন এই বাহাতি স্পিনার। দ্বিতীয় সর্বাধিক রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ তার পেস বোলিংয়ে মুগ্ধ করেছেন সবাইকে। মাত্র ৪ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন। ৬ ম্যাচে ২৭ উইকেট শিকার করেছেন বরিশালের রুয়েল মিয়া।
এমআই