বিগ ব্যাশের অভিষেকে যে অভিজ্ঞতা নিতে চাননি আফ্রিদি
খেলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৯
বিগ ব্যাশ লিগে প্রথমবার নামা শাহিন শাহ আফ্রিদির জন্য স্বপ্নের মতো এক অধ্যায় হওয়ার কথা ছিল। ব্রিসবেন হিটের হয়ে খেলতে নেমে বল হাতে শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়েছে তার। তাতে অভিষেকের মঞ্চেই এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন পাকিস্তানি পেস তারকা, যা হয়তো কখনোই নিতে চাননি তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ দিয়েই বিগ ব্যাশে যাত্রা শুরু করেন আফ্রিদি। শুরুটা ছিল আশার আলোয় ভরা, প্রথম তিন বলে কোনো রান দেননি। তবে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি বাঁহাতি এই গতিতারকা। শেষ পর্যন্ত ২.৪ ওভার বোলিং করে ৪৩ রান খরচ করেও উইকেটশূন্য থাকেন তিনি।
ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ইনিংসের ১৮তম ওভারে। নিজের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন আফ্রিদি। পরের বলে দেন এক রান। তৃতীয় বলটি ছিল বিমার, আম্পায়ারের হাত ওঠে ‘নো’ বলের সংকেত। এক বল পরই আবার ‘নো’ বল, এবার ৩০ গজ বৃত্তের ভেতরে তিনজন ফিল্ডার থাকার কারণে।
নাটক তখনও শেষ নয়। ওভারের পঞ্চম বলেও ফের বিমার করে বসেন আফ্রিদি। এক ওভারে দুটি বিমার করার নিয়মভঙ্গের কারণে বোলিং থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। অভিষেক ম্যাচেই এমন বিব্রতকর অভিজ্ঞতায় পড়তে হয় পাকিস্তানের এই তারকা পেসারকে। পরে বাকি দুটি বল সম্পন্ন করেন ব্রিজবেন হিটের অধিনায়ক ন্যাথান ম্যাকসুয়েনি।
এই ম্যাচটি পাকিস্তানি তারকাদের জন্য ছিল ভুলে যাওয়ার মতো। মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে অভিষেক হওয়া মোহাম্মদ রিজওয়ান তিন নম্বরে নেমে ১০ বল খেলে করেন মাত্র ৪ রান। আরেক অভিষেক ম্যাচেই ব্যর্থ হন বাবর আজমও, মাত্র ২ রান করে ফেরেন তিনি।
বিগ ব্যাশে যাত্রাটা আফ্রিদির জন্য শুরু হলো কঠিন বাস্তবতায়। বোলিংয়ে বাজে শুরুর পর ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন এই ক্রিকেটার। দলের প্রয়োজনের দিনে ৩ বলে শূন্য করে ফিরেছেন তিনি। অভিষেকের মঞ্চে যে অভিজ্ঞতা নিতে চাননি আফ্রিদি, সেটাই হয়ে রইল আলোচনার কেন্দ্রে।
এমআই