Advertisement
Us Bangla Airlines
আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হলেন অস্ট্রেলিয়ান তারকা

আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হলেন অস্ট্রেলিয়ান তারকা

খেলা ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮

আইপিএলের ২০২৬ মৌসুম শুরুর সম্ভাব্য তারিখ ২৬ মার্চ। এর আগে আজ (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। এবারের নিলামে তালিকাভুক্ত আছেন মোট ৩৬৯ জন ক্রিকেটার। দলগুলো যদি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করে, তাহলে নিলাম শেষে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার নতুন দলে জায়গা পেতে পারেন।

নিলাম শুরুর আগেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। নিলামের টেবিলে তার নাম উঠতেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। কিছুক্ষণ পর সেই দৌড়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস।

গ্রিনের ভিত্তিমূল্য ছিল মাত্র ২ কোটি রুপি। মুম্বাই ইন্ডিয়ানস ভিত্তিমূল্য ডেকে আর লড়াইয়ে নামেনি। এরপর কলকাতা ও রাজস্থানের টানাপোড়েনে দাম দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে দর গিয়ে দাঁড়ায় ১৩ কোটি ৬০ লাখ রুপিতে, তখন লড়াই থেকে সরে আসে রাজস্থান।

কিন্তু এখানেই শেষ নয়। কলকাতাকে চ্যালেঞ্জ জানিয়ে দর হাঁকে চেন্নাই সুপার কিংস। ডাকের পর ডাক, উত্তেজনায় ভরে ওঠে নিলামকক্ষ। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্ক হাঁকে কলকাতা নাইট রাইডার্স। তাতেই থামে হাতুড়ির শব্দ।

সব প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলে আইপিএল মিনি-নিলামে বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ক্যামেরন গ্রিন। কলকাতার স্কোয়াডে জায়গা করে নিয়ে নিলামের প্রথম দিনেই নিজের নামের পাশে বসালেন রেকর্ডের তিলক।

এমআই