বিগ ব্যাশে ৫১৫ রানের অবিশ্বাস্য ম্যাচ!
খেলা ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫, ২১:০১
বিগ ব্যাশ লিগের ইতিহাসে লেখা হয়ে গেল এক অবিশ্বাস্য অধ্যায়। পার্থ স্কর্চার্স ও ব্রিসবেন হিটের ম্যাচে ব্যাটসম্যানদের দাপটে গড়াল ৫১৫ রান, ভাঙল একের পর এক রেকর্ড। শেষ পর্যন্ত ম্যাট রেনশ ও জ্যাক ওয়াইল্ডারমুথের জোড়া সেঞ্চুরিতে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়ার কীর্তি গড়ে ম্যাচ জিতে নিল ব্রিসবেন হিট।
শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন স্কর্চার্স বোলিং আক্রমণকে শুরুতেই গুঁড়িয়ে দিয়েছিল ব্রিসবেন হিট। তবে জবাবটা আরও ভয়ংকরভাবে দিল রেনশ ও ওয়াইল্ডারমুথ। দুজনের ব্যাটে ভর করে হিট টপকে যায় স্কর্চার্সের ২৫৭ রানের পাহাড়সম লক্ষ্য। এমনকি এক বল হাতে রেখেই নিশ্চিত করে বিগ ব্যাশের ঐতিহাসিক জয়।
রেনশ ৫১ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অন্য প্রান্তে ওয়াইল্ডারমুথ ছিলেন আরও দৃঢ়, ৫৪ বলে করেন অপরাজিত ১১০ রান। তাদের ২১৩ রানের জুটি বিগ ব্যাশ ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ। ম্যাচে দুই দল মিলিয়ে হাঁকানো হয় ৩৬টি ছক্কা। প্রতিটি দলই মারে ১৮টি করে, যা টুর্নামেন্টের নতুন রেকর্ড।
এর আগে স্কর্চার্স ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালায়। ফিন অ্যালেন ও কুপার কনোলির দ্বিতীয় উইকেট জুটিতে আসে মাত্র ৬৪ বলে ১৪২ রান। অ্যালেন ৩৮ বলে ৭৯ আর কনোলি ৩৭ বলে ৭৭ রান করে স্কর্চার্সকে নিয়ে যান ৬ উইকেটে ২৫৭ রানে। যা তখন পর্যন্ত ছিল বিগ ব্যাশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
হিটের সব বোলারই এদিন চাপে ছিলেন। শাহিন আফ্রিদি নিজেও রেহাই পাননি, ৪ ওভারে ৪৯ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট। শেষদিকে ব্রিসবেন হিট আরও বিপদে পড়ে, যখন অধিনায়ক নাথান ম্যাকসুইনি ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ে চোট পান। শেষ পর্যন্ত তিনি ব্যাটিংও করতে পারেননি।
লক্ষ্য তাড়ায় নেমে হিট শুরুতেই ধাক্কা খায়। প্রথম বলেই আউট হন দলটির ওপেনার কলিন মুনরো। এরপরও ম্যাচ যেন ধীরে ধীরে হিটের দিকেই ঝুঁকে পড়ে। রেনশ একবার নো বল থেকে জীবন পান, আর ওয়াইল্ডারমুথ ৪২ রানে সহজ ক্যাচ ফেলে দিলে স্কর্চার্সের হতাশা আরও বাড়ে।
ম্যাচের মাঝপথে হিট ছিল ১৩১/১। এরপর দুই ওভারে আসে ৪২ রান। যদিও একটি ওভারে কিছুটা চাপ ফেরাতে পেরেছিল স্কর্চার্স, ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে রেনশ উদযাপন করেন দাপটের সঙ্গে। শেষদিকে রানআউট হয়ে ফিরলেও নাটক তখনও বাকি।
ম্যাক্স ব্রায়ান্ট চোট নিয়ে মাঠ ছাড়লেও ওয়াইল্ডারমুথ একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত জয়সূচক রানটা তাঁর ব্যাট থেকেই আসে। ম্যাচ জয়ের পাশাপাশি বিগ ব্যাশের ঐতিহাসিক রান তাড়ার গল্পও লিখে ব্রিসবেন হিট। বিগ ব্যাশ টুর্নামেন্টের ইতিহাসে এত রান তাড়া করে জিততে পারেনি কোনো দল।
এমআই