Advertisement
Us Bangla Airlines
‘নোয়াখালী বিভাগ হলে ভালো হবে’

‘নোয়াখালী বিভাগ হলে ভালো হবে’

খেলা ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯

বিপিএলের নতুন মঞ্চে নতুন দল, আর সেই দলের জার্সিতে প্রাণখোলা হাসি নিয়ে হাজির হাসান মাহমুদ। ২০২৬ বিপিএল দিয়ে প্রথমবার অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলনে আজ পূর্বাচল একাডেমিতে বেশ প্রাণবন্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের এই পেসার। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডায় জমে ওঠে হাসি-ঠাট্টা, খুনসুটি।

সেখানেই উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সেই স্লোগান—‘নোয়াখালী বিভাগ চাই’। প্রশ্ন শুনে প্রথমে হেসে ফেলেন হাসান। সংক্ষিপ্ত উত্তর, ‘এটা আসলে আমি জানি না।’ উপস্থিত সাংবাদিকদের হাসিও থামে না। পরক্ষণেই হাসান যোগ করেন, ‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের অভিজ্ঞতা হাসানের। বাংলাদেশের হয়ে ইতিমধ্যে খেলেছেন ১৩টি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি। যদিও তাঁর বেড়ে ওঠা লক্ষ্মীপুরে, তবে এবারের বিপিএলে খেলবেন প্রতিবেশী জেলা নোয়াখালীর দল হয়ে।

নতুন ফ্র্যাঞ্চাইজির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হাসান বলেন, ‘লক্ষ্মীপুরের যারা নোয়াখালীর সঙ্গে সম্পর্কিত, তারা খুবই আনন্দিত। শক্তিটা আরও বেড়েছে। বিপিএলে দল করার এমন একটা উদ্যোগ নেওয়ায় সত্যিই ভালো লাগছে। সুযোগ পেয়ে আমি খুব খুশি।’

প্রথমবার বিপিএলে নামতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক–এর মতো পরিচিত মুখ। স্থানীয় ক্রিকেটারদের জন্য বিপিএল যে বড় মঞ্চ—সে কথাও মনে করিয়ে দিলেন হাসান। 

তিনি বলেন, ‘আমাদের দলে অঙ্কন, জাকের আছে, সাব্বির ভাই, অপু ভাইয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছে। তরুণদের জন্য নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ। আমিও চেষ্টা করছি নিজেকে ভালো জায়গায় নিতে। ইনশাআল্লাহ, বিশ্বকাপে খেলার জায়গাও হবে।’

এমআই