বিপিএল শুরুর আগে সরে দাঁড়ালেন ৩ বিদেশি ক্রিকেটার
খেলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ২০:১২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর আর মাত্র তিন দিন বাকি। ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তেই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। দলটির তিন বিদেশি ক্রিকেটার শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
নিলামের আগেই সরাসরি চুক্তিতে চট্টগ্রাম দলে ভিড়িয়েছিল দেশীয় দুই ক্রিকেটার শেখ মেহেদী ও তানভীর ইসলামকে। বিদেশি তালিকায় ছিলেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। কিন্তু বিপিএল শুরুর আগমুহূর্তে এই তিনজনই সরে দাঁড়িয়েছেন।
স্টার্লিং ও ডিকভেলার নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি না পাওয়ায় তাঁরা নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে আবরার আহমেদের বিষয়টি আরও জটিল। প্রাথমিকভাবে ছাড়পত্র পেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁর এনওসি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বকাপের পরিকল্পনায় থাকা এই লেগস্পিনারকে বিপিএলে খেলাতে চাচ্ছে না পিসিবি। সব মিলিয়ে আসর শুরুর ঠিক আগে বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। অল্প সময়ের মধ্যেই বিকল্প বিদেশি খেলোয়াড় খুঁজে নেওয়ার বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। উদ্বোধনী দিনেই হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস। তাদের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। মাঠে নামার আগে দলগঠনের এই ধাক্কা কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
এমআই