Advertisement
Us Bangla Airlines
মাঠে নামার আগে তারকা ওপেনারকে হারাল নোয়াখালী

মাঠে নামার আগে তারকা ওপেনারকে হারাল নোয়াখালী

খেলা ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ২০:৪৮

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে দেখা যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার তারকা ব্যাটার কুশল মেন্ডিসকে। তবে শুরুর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে এবারের বিপিএলে খেলবেন না মেন্ডিস। দলটির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গত সপ্তাহে দুবাইয়ে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে লঙ্কান এই ব্যাটারকে। চিকিৎসকরা তার শরীরে ব্লাডার স্টোন শনাক্ত করার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর থেকেই চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি।

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এই শারীরিক জটিলতার কারণে চলমান আইএল টি-টোয়েন্টিতেও আর অংশ নিচ্ছেন না মেন্ডিস। অবশ্য আইএল টি-টোয়েন্টি খেলতে গিয়েই তার শারীরিক সমস্যা ধরা পড়ে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

সবশেষ খবর অনুযায়ী, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ধীরে ধীরে সেরে উঠছেন এই ডানহাতি ব্যাটার। তবে আইএল টি-টোয়েন্টির বাকি অংশ তো বটেই, এবারের বিপিএলেও তার মাঠে নামা অনেকটাই অনিশ্চিত।

মেন্ডিসের অনুপস্থিতি সত্ত্বেও নোয়াখালী এক্সপ্রেস খুব বেশি বিপাকে পড়েনি। দলে তার বিকল্প হিসেবে আগে থেকেই আছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। আফগানিস্তানের সাদিকুল্লাহ ও হাসান ইসাখিল। এছাড়া সৌম্য সরকার ও হাবিবুর রহমান সোহানও ওপেনার হিসেবে খেলে থাকেন।

এমআই