Advertisement
Us Bangla Airlines
বিপিএলে কেন আসেননি আবরার, জানা গেল আসল কারণ

বিপিএলে কেন আসেননি আবরার, জানা গেল আসল কারণ

খেলা ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩

নানা নাটক, বিতর্ক আর অনিশ্চয়তার মেঘ পেরিয়ে আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। তবে মাঠের লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে হয়েছে দলটির মালিকানা পরিবর্তন। এছাড়া নতুন করে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদের নাম প্রত্যাহারের ঘটনা।

প্রথমে গুঞ্জন ছিল, বিশ্বকাপ পরিকল্পনার কারণে আবরারকে ছাড়তে চায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সময় গড়াতেই সামনে এসেছে ভিন্ন, আরও চমকপ্রদ বাস্তবতা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানায়, আবরারের অনুমোদন ছাড়াই তাকে বিপিএলের নিলামে অন্তর্ভুক্ত করেছিল চট্টগ্রাম রয়্যালস।

নিলামের আগে সরাসরি চুক্তিতে শেখ মেহেদী, তানভীর ইসলাম ও আবরার আহমেদকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল রয়্যালস। অথচ আবরার নিজেই জানিয়েছেন, বিপিএলে খেলার ব্যাপারে তিনি কখনোই সম্মতি দেননি। অনুমতি ছাড়াই নাম তালিকাভুক্ত হওয়ায় শেষ পর্যন্ত সরে দাঁড়ান তিনি।

একই সময়ে দল ছাড়েন আরও দুই বিদেশি—আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। পরিস্থিতি সামাল দিতে রয়্যালস কর্তৃপক্ষ আবরারের বদলে অন্য বিদেশি ক্রিকেটার নেওয়ার প্রক্রিয়া শুরু করে এবং বিষয়টি বিসিবিকেও জানায়। এর মধ্যেই নতুন মোড় নেয় চট্টগ্রাম অধ্যায়।

বৃহস্পতিবার সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করে মালিকানা বুঝে নেওয়ার অনুরোধ জানায় ফ্র্যাঞ্চাইজিটি। পরবর্তীতে বিসিবি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয়। এখন দল পরিচালনা থেকে শুরু করে স্কোয়াড গঠন সবকিছুই দেখভাল করবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে, এবারের বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিপিএলের প্রতিটি দলেই রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার।

এমআই