‘পরশু দিনও কত হাসি-আড্ডা ছিল, ভাবতেই বুক ভার হয়ে আসে’
খেলা ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮
বিপিএলের মাঠে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা এখনো বিশ্বাস করতে পারছেন না শরিফুল ইসলাম। যিনি শুধু একজন কোচ নন, বরং অভিভাবকের মতো আগলে রেখেছিলেন। সেই মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েছেন টাইগার এই পেসার।
চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে থাকা মাহবুব আলী জাকি মাঠে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম কারিগর ছিলেন তিনি। সেই দলের সদস্য শরিফুলের কাছে জাকি ছিলেন পথপ্রদর্শক, আশ্রয়।
কোচের মৃত্যুসংবাদ শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন শরিফুল। তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না—আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার।’
‘অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু। এরপর বিশ্বকাপ জয়—প্রতিটি মুহূর্তে আপনি ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আপনার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য দান করুন। আমিন।’
উল্লেখ্য, বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগে সিলেটে অনুশীলনে ব্যস্ত ছিল ঢাকা ক্যাপিটালস। সেখানেই খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। হঠাৎ করেই তিনি মাঠে লুটিয়ে পড়েন।
দ্রুত তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দেশবরেণ্য এই কোচের আকস্মিক মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে।
এমআই