Advertisement
Us Bangla Airlines
কোচ জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রীড়াঙ্গন, শোক জানালেন সাকিব–মাশরাফিরা

কোচ জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রীড়াঙ্গন, শোক জানালেন সাকিব–মাশরাফিরা

খেলা ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫

বিপিএলের মাঠে নামার কথা ছিল উৎসবের আবহে। কিন্তু তার আগেই ঢাকা ক্যাপিটালসের শিবিরে নেমে আসে গভীর শোক। দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই। মাঠেই অসুস্থ হয়ে পড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিজ্ঞ কোচ।

ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে ওয়ার্মআপ ও অনুশীলন সেশন পরিচালনা করছিলেন জাকি। হঠাৎ করেই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।

জাকির এমন আকস্মিক বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশের ক্রীড়াঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় শোক প্রকাশ করেছেন বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার।

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘কোচ মাহবুব আলী জাকির মৃত্যুসংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত। পেশাদার ক্রিকেটে আমার প্রথম দিন থেকেই তাকে চিনতাম। তার সঙ্গে কাটানো অনেক সুন্দর স্মৃতি আমার মনে আছে। তার শেষ সময়টাও কেটেছে ক্রিকেট মাঠে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।’

আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা স্মৃতিচারণ করে লেখেন, ‘জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার যে কথা হয়েছে, তার হিসাব নেই। বোলিংয়ের বায়োমেকানিক্স বাংলাদেশে আপনি সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় মাঠ থেকেই বিদায় নিলেন। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন।’

বর্তমানে বিগ ব্যাশে ব্যস্ত থাকা রিশাদ হোসেন লিখেছেন, ‘সুদূর অস্ট্রেলিয়ায় বসে যখন শুনছি মাহবুব আলী জাকি স্যার আর আমাদের মাঝে নেই, তখন ভীষণ কষ্ট লাগছে। অনূর্ধ্ব-১৯ দলে স্যারের সঙ্গে আমাদের একটা আলাদা ভালোবাসার সম্পর্ক ছিল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’

এমআই